পাকিস্তানের তীব্র নিন্দা মার্কিন কংগ্রেস কমিটির

সন্ত্রাসবাদ উসকে দেওয়া এবং আফগানিস্তানের তালেবান প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্যরা। এর পাশাপাশি তাঁরা পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধের দাবি জানিয়েছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক উপকমিটির শুনানিতে গত মঙ্গলবার কয়েকজন আইনপ্রণেতা পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ হিসেবে বর্ণনা করেন। তাঁরা দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।

‘পাকিস্তান: বন্ধু, না শত্রু’ শীর্ষক এই কংগ্রেস শুনানিতে ধারণার চেয়েও বেশি উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

তবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ মার্কিন কংগ্রেসের এসব মন্তব্যকে কয়েকজন আইনপ্রণেতার ‘অকারণ উদ্বেগ’ বলে উল্লেখ করেছেন।

শুনানিতে কংগ্রেসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ম্যাট সালমন বলেন, ‘তারা (পাকিস্তান) আমাদের বোকা বানাচ্ছে। আমাদের গর্দভ হিসেবে বিবেচনা করে। আমরা মাফিয়াদের অর্থায়ন করছি।’