পাকিস্তানের নতুন সেনাধ্যক্ষ, ভারত অপেক্ষায়

পাকিস্তানের নতুন সেনাধ্যক্ষ জেনারেল কামার জাভেদ বাজওয়ার আমলে কাশ্মীর পরিস্থিতির উন্নতি হয় কি না, ভারতের নজর আপাতত সেদিকেই। ভারত মনে করছে, এই নিযুক্তির মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশে তাঁর গণতান্ত্রিক কর্তৃত্বকে মজবুত করতে সফল হয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্কে তার অনুকূল প্রতিফলন ঘটতে পারে।
পাকিস্তানের গত দুই দশকের ইতিহাসে এই প্রথম কোনো সেনাপ্রধানের মেয়াদ বাড়ানো হলো না অথবা সেনাপ্রধান রাষ্ট্রক্ষমতা দখল করলেন না। বিদায়ী সেনাধ্যক্ষ জেনারেল রাহিল শরিফ মেয়াদ বৃদ্ধির চেষ্টার অন্ত রাখেননি। সেনা আমলই পাকিস্তানকে সুখ ও স্বাচ্ছন্দ্যে রেখেছে দাবি করে তাঁর উদ্যোগে সারা দেশে প্রচারাভিযান চালানো হয়েছিল। এই প্রচারও হয়েছে, ‘সেনাশাসনই সেরা
শাসন।’ রাহিল শরিফের হয়ে ওকালতি করেছিলেন সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। এমনকি পাকিস্তানের সুপ্রিম কোর্ট থেকেও রাহিল শরিফের মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সব চাপ উপেক্ষা করে নওয়াজ শরিফ নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পেরেছেন। একাধিক জেনারেলকে টপকে সেনাধ্যক্ষ করেছেন আস্থাভাজন জেনারেল বাজওয়াকে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, পাকিস্তানের গণতন্ত্রের পক্ষে এটা অবশ্যই শুভ লক্ষণ।
সরকারিভাবে অবশ্য ভারতের দিক থেকে এই নিযুক্তি নিয়ে কোনো মন্তব্য করা হচ্ছে না। রাহিল শরিফের বিদায় ও বাজওয়ার অভিষেকের দিন কাশ্মীরের সন্ত্রাসী হামলা সেদিক থেকে কোনো বিশেষ ইঙ্গিতবাহী কি না, তা নিয়েও সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি। ভারত বরং এই মুহূর্তে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে পাঞ্জাবের অমৃতসরে হার্ট অব এশিয়া সম্মেলনে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজের যোগদানকে। নওয়াজ শরিফের ঘনিষ্ঠ ও আস্থাভাজন সরতাজ আজিজ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আগ্রহী। ভারত দেখতে চায়, সেনাধ্যক্ষ পরিবর্তনের পর সরতাজ আজিজ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কোনো বিশেষ বার্তা নিয়ে অমৃতসরে আসছেন কি না।
জেনারেল বাজওয়া সম্পর্কে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা, তিনি ‘গণতন্ত্রী’ ও ‘অসামরিক প্রশাসনে নাক গলানোয় বিশ্বাসী নন’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, জেনারেল রাহিল শরিফকে দেশের বিদেশনীতির ব্যাপারেও প্রভাব খাটাতেন। সেনাবাহিনীর ওপরও তাঁর কর্তৃত্ব ছিল নিরঙ্কুশ। রাহিলকে নিয়ে নওয়াজ স্বস্তিতে ছিলেন না। সেদিক থেকে রাহিল শরিফের মেয়াদ না বাড়ানো নওয়াজ শরিফের পক্ষে একটা বড় স্বস্তির বিষয়। এখন দেখার বিষয়, সার্বিকভাবে গণতান্ত্রিক কর্তৃত্ব কায়েমে নওয়াজ শরিফ কতখানি সফল হন।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অনিল গুপ্ত মনে করেন, ‘পানামা পেপার্স’-এর খবর জানাজানি হওয়ার পর নওয়াজ শরিফের কর্তৃত্ব রাহিল শরিফ প্রায় পুরোটাই খর্ব করে দিয়েছিলেন। দেশের অভ্যন্তরের সন্ত্রাসীদের নির্মূল করতে রাহিল অপারেশন ‘জার্ব-ই-আজব’ শুরু করলেও মেয়াদের শেষ দিন পর্যন্ত কাশ্মীরের সন্ত্রাসীদের পূর্ণ সামরিক মদদ দিয়ে এসেছেন। এখন দেখার বিষয়, নতুন ‘গণতন্ত্রী’ জেনারেল বাজওয়া সেই কাজে একই ধরনের আগ্রহ দেখান নাকি নওয়াজ শরিফের ইচ্ছা অনুযায়ী সীমান্ত শান্ত করার চেষ্টায় উৎসাহী হন।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাবেক মহাপরিচালক সমীর মিত্র পাকিস্তানের এই পটপরিবর্তনে কিছুটা আশার আলো দেখছেন। গতকাল বুধবার প্রথম আলোকে তিনি বলেন, এতজনকে টপকে বাজওয়াকে বেছে নেওয়ার মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে তিনি নওয়াজ শরিফের কাছের ও বিশ্বাসভাজন। পাশাপাশি এটাও ঠিক, গোটা কাশ্মীরকে তিনি হাতের তালুর মতো চেনেন। সেনাধ্যক্ষ হয়েই তিনি বলেছেন, নিয়ন্ত্রণরেখাকে তিনি শান্ত করবেন। এর অর্থ যদি এমন হয় যে তিনি সরকারের নির্দেশ অনুযায়ী বাহিনী পরিচালনা করবেন, তাহলে সেটা দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরালো করবে। সমীর মিত্র অবশ্য মনে করেন, পাকিস্তানের অস্তিত্বটাই কাশ্মীরকেন্দ্রিক। সেদিক দিয়ে নওয়াজ-বাজওয়া কারও পক্ষেই কাশ্মীরকে পুরোপুরি উপেক্ষা করা সম্ভব নয়।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে কে গঙ্গোপাধ্যায় মনে করছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের হাত এবার আরও শক্ত হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর ইচ্ছা-অনিচ্ছাই শেষ কথা হয়ে দাঁড়াবে না। এটাই রুপালি রেখা। প্রথম আলোকে তিনি বলেন, সীমান্ত ও কাশ্মীর যে এই পরিবর্তনের পর থেকে পুরোপুরি শান্ত হয়ে যাবে, তেমন মনে করাটা বোকামি। কাশ্মীরের দাবি পাকিস্তান ছাড়তে পারবে না। তবে বাজওয়া মনে করেন, পাকিস্তানের সবচেয়ে বড় বিপদ অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ, ভারত নয়। এই ধারণা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির সহায়ক হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র বলে, পছন্দমতো সেনাধ্যক্ষ নিয়োগের মধ্য দিয়ে নওয়াজ শরিফের হাত শক্ত হয়েছে ঠিকই। এখন তাঁকেই ঠিক করতে হবে ভারতের উদ্বেগের দিকগুলো কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার রাস্তায় তিনি কীভাবে হাঁটতে চান।