সম্প্রতি অনলাইনে প্রকাশ করা সিআইএর নথি বলছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কাহুটা পারমাণবিক গবেষণাকেন্দ্রে ১৯৮১ সালে হামলা চালানোর পরিকল্পনা করেছিল প্রতিবেশী ভারত। পাকিস্তানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখতে হয়তো সেই হামলা চালানো হতো।
সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বিভিন্ন বিষয়ে এক কোটির বেশি নথি প্রকাশ করেছে। এর মধ্যে বহু দেশ সম্পর্কে তথ্য, মূল্যায়ন ইত্যাদি আছে। দক্ষিণ এশিয়া অঞ্চলবিষয়ক একটি নথিতে দেখা যায়, গোয়েন্দা সংস্থাটি ১৯৮০-এর দশকের শুরুতে সম্ভাব্য ভারতীয় হামলা সম্পর্কে মার্কিন সিনেটরদের সতর্ক করে দিয়েছিল। অবশ্য প্রকাশ্যে এ-সংক্রান্ত তথ্য অস্বীকার করেছিল সিআইএ।
১৯৮১ সালের ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পারমাণবিক অস্ত্র বিস্তারসংক্রান্ত কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো এক নথিতে সিআইএ বলে, কাহুটায় ভারতীয় হামলা হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থার তৎকালীন প্রধানের কাছে পাঠানো আরেক নথিতে সিআইএ জানায়, তারা সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে।
পরবর্তী সময়ে আশির দশকের মাঝামাঝিতে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হককে এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে ভারত।
তবে সিআইএ তাদের নথিতে এই ধারণাও প্রকাশ করেছিল যে পাকিস্তান তার পারমাণবিক প্রকল্পের উদ্যোগ বাতিল করবে না। কেননা, ভারত ইতিমধ্যে একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে ফেলেছে। পাকিস্তানও তা অর্জনের চেষ্টা অব্যাহত রাখবে।
প্রথম সেনাপ্রধানকে হত্যার পরিকল্পনা
সিআইএর আরেক নথিতে বলা হয়েছে, ভারতের প্রথম সেনাপ্রধান জেনারেল কে এম কারিয়াপ্পাকে হত্যার পরিকল্পনা করেছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। এই লক্ষ্যে দেশটির সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে উসকে দেওয়া হয়েছিল। ১৯৫০ সালের ১২ জুন তারিখের ওই নথিটির শিরোনাম ‘ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ফাটল’। এই নথি নরেন্দ্র মোদি সরকারের জন্য বিব্রতকর হতে পারে। মোদি নিজে দীর্ঘদিন আরএসএস সদস্য ছিলেন। নথিতে বলা হয়েছে, ‘জেনারেল কারিয়াপ্পা পূর্ব পাঞ্জাব সফরের সময় তাঁকে হত্যার চেষ্টা করা হয় সেনাবাহিনীর মধ্য থেকে। হত্যা পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড হয়েছে। অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পরিকল্পনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।’