পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পারস্পরিক সম্মতি’র ভিত্তিতেই চীনা প্রেসিডেন্টের সফর স্থগিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার নিশ্চিত করে বলেছে, পাকিস্তানে চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর আসন্ন ইসলামাবাদ সফর স্থগিত করেছেন। খবর এএফপি ও ডনের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে চীনা প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর স্থগিত করার বিষয়ে দুই সরকার পারস্পরিকভাবে সম্মত হয়।’ সফরের নতুন তারিখ নির্ধারণের জন্য উভয় দেশের কূটনীতিকেরা আলোচনা করছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও আধ্যাত্মিক নেতা তাহির-উল-কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) যৌথভাবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে গত ১৫ আগস্ট থেকে ইসলামাবাদে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। সংকট নিরসনে দল দুটির সঙ্গে সরকার গত বুধবার থেকে আলোচনা চালিয়ে এলেও, বিশেষ করে নওয়াজের পদত্যাগের দাবির প্রশ্নে এখনো উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। নওয়াজ শরিফ ভোট জালিয়াতির মাধ্যমে ২০১৩ সালের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন—এই অভিযোগে তাঁর পদত্যাগ চাইছেন ইমরান ও কাদরি।
বন্যা নিয়ে নওয়াজের জরুরি বৈঠক: পাকিস্তানে চলমান বন্যা-পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর, পাঞ্জাবসহ বিভিন্ন এলাকায় বন্যার কারণে ১১৫ জনের প্রাণহানি ঘটেছে। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেও বন্যার কারণে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ভূমিধসের ঘটনায় এসব প্রাণহানি ঘটেছে।