পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করেছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে দেশটির পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ছবি: রয়টার্স
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে দেশটির পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ছবি: রয়টার্স

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে দেশটির পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট এ রায় দেন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) খাজা আসিফের কাজ করার অনুমতিপত্র থাকায় এ আদেশ দিয়েছেন আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হাইকোর্টের এ আদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগে (পিএমএল-এন) নতুন করে অস্থিরতা দেখা দিল। কয়েক মাসের মধ্যেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দ্য ডনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানি থেকে বেতন পাওয়ার বিষয়টি গোপন রাখায় এ আদেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবিধানের ৬২ (১)(এফ) ধারা অনুযায়ী খাজা আসিফকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হলো। সংবিধানের এই একই ধারায় নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছিলেন আদালত।

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভি জানিয়েছে, খাজা আসিফ এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন। তবে হাইকোর্টের রায়ের পর তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন কি না, তা স্পষ্ট নয়।

নওয়াজ শরিফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত খাজা আসিফ। পিএমএল-এনের একজন প্রভাবশালী নেতা তিনি। গত বছর সুপ্রিম কোর্টের আদেশে প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফ অযোগ্য ঘোষিত হওয়ার পর, প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রার্থী ছিলেন খাজা আসিফ।

পিএমএল-এন দলের উচ্চপদস্থ নেতারা ও নওয়াজ শরিফ অভিযোগ করছেন, নির্বাচন সামনে রেখে বিচার বিভাগ দলটির নেতাদের লক্ষ্যে পরিণত করেছে। আগামী জুলাই মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

উসমান দার নামে শিয়ালকোট শহরের এক রাজনীতিক আসিফের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, সংযুক্ত আরব আমিরাতে কাজ করার অনুমতিপত্র থাকা পার্লামেন্টে আসিফকে অযোগ্য ঘোষণা করা উচিত। উসমান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের একজন সদস্য। হাইকোর্টের রায়ের পর আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজকের পর পাকিস্তানের রাজনীতিতে খাজা আসিফের কোনো স্থান নেই।’ খাজা আসিফের বিরুদ্ধে ২০১৩ সালের নির্বাচনে হেরেছিলেন উসমান।