পাকিস্তানের পরিস্থিতি নীরব দর্শক হয়ে দেখব না: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, পাকিস্তান সন্ধিক্ষণের মুখোমুখি। তিনি ও তাঁর দল পেছনে বসে নীরব দর্শক হয়ে পাকিস্তানের চলমান পরিস্থিতি দেখবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নওয়াজ।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ এই হুঁশিয়ারি দেন। দেশটির দ্য নিউজ পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দলের একটি কনভেনশনে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন নওয়াজ শরিফ।

কারও নাম উল্লেখ না করে নওয়াজ শরিফ বলেন, যারা ইমরান খানকে ক্ষমতায় এনেছে, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। এটি ছাড়া দেশ বা সরকার কোনোটাই সুষ্ঠুভাবে চলবে না।

পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও দেশটির জনগণের কষ্টের কথা বলতে গিয়ে নওয়াজ শরিফ বলেন, ‘এই অবস্থার জন্য আমি কাকে দায়ী করব? শুধু কি ইমরান খান, নাকি এ জন্য যারা সত্যিকার অর্থে দায়ী, তাদের?’

নওয়াজ শরিফ বলেন, কার্যকর ও সত্যিকার পার্লামেন্ট ছাড়া একটি দেশের প্রতিষ্ঠানগুলো চলতে পারে না। এমনকি বিচার বিভাগও না।

পাকিস্তানে সরকারে যারা এই ‘সমস্যা’ এনেছে, তাদের জবাবদিহির মুখোমুখি করবেন বলে আবারও উল্লেখ করেন নওয়াজ শরিফ।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে নওয়াজ শরিফ কারাগারে গিয়েছিলেন। অসুস্থতার পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত বছরের নভেম্বরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। নওয়াজ শরিফের বিরুদ্ধে পাকিস্তানে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা চলমান।