পাকিস্তানের পাঞ্জাবে সব স্কুল বন্ধ
পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রাদেশিক সরকার বলছে, তীব্র শীত-কুয়াশার কারণে এই পদক্ষেপ। তবে দাপ্তরিক এক গোপন চিঠি মোতাবেক, সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা তথ্যের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এপির।
বার্তা সংস্থাটি সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য-সংবলিত একটি সরকারি নথি গতকাল মঙ্গলবার হাতে পেয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবেশী আফগানিস্তানভিত্তিক ১৩ জন তালেবান যোদ্ধা পাকিস্তানের স্কুলে হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
পাঞ্জাব প্রদেশের শিক্ষামন্ত্রী রানা মাসুদ আহমেদ গত সোমবার রাতে ঘোষণা দেন, প্রদেশের সব স্কুল চলতি মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকবে। তবে ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কি না, তা উল্লেখ করেননি তিনি। মন্ত্রী বলেন, প্রদেশে তীব্র শীতের কারণে বিরূপ আবহাওয়া ও কুয়াশার কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ে তালেবানের হামলায় ২১ জনের প্রাণহানির এক সপ্তাহের মাথায় এই পদক্ষেপ এল।
বাচা খান বিশ্ববিদ্যালয় আবার বন্ধ: রয়টার্স বলেছে, ২০ জানুয়ারির সন্ত্রাসী হামলার পর সোমবার অল্প কিছুক্ষণের জন্য খোলা হয়েছিল বাচা খান বিশ্ববিদ্যালয়। তবে গতকাল কর্মকর্তারা জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকবে। নিরাপত্তার অবস্থা পর্যালোচনা করতে সোমবার বাচা খান বিশ্ববিদ্যালয় খোলা হলে এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিলিত হন।