পাকিস্তানের পার্লামেন্টে নারী অবমাননা, হইচই
পাকিস্তানের পার্লামেন্ট জাতীয় পরিষদের অধিবেশন চলছে। বৃহস্পতিবার কথা বলার জন্য ওঠেন বিরোধীদলীয় নেতা খুরশীদ শাহ। এ সময় নিজেদের মধ্যে কথা বলছিলেন কয়েকজন নারী সদস্য। স্পিকার আয়াজ সাদিক তাঁদের থামতে বলেন। আর নইলে অধিবেশন কক্ষের বাইরে চলে যেতে বলেন।
স্পিকারের এ কথা শুনে নারী সদস্যরা চুপ করে যান। ঘটনাটা এখানেই শেষ হতে পারত। এড়ানো যেত অনাকাঙ্ক্ষিত ঘটনা।
বিরোধীদলীয় নেতা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) খুরশীদ শাহ কথার শুরুতেই ওই নারী সদস্যদের আক্রমণ করেন। বলেন, ‘মাননীয় স্পিকার, তাঁদের কথা বলতে মানা করবেন না। তাঁরা যদি ক্রমাগত কথা বলতে না পারেন, তাঁরা অসুস্থ হয়ে পড়বেন।’
বিরোধীদলীয় নেতার মন্তব্য শুনে তাঁরই দল পিপিপির পার্লামেন্ট সদস্য নাফিসা শাহ প্রতিবাদ জানান। বলেন, পুরুষ সদস্যরা যখন অধিবেশন চলাকালে কথা বলেন, তখন স্পিকার তাঁদের কিছু বলেন না। স্পিকার তাঁকে থামিয়ে বলেন, ‘আপনি স্পিকারের চেয়ারকে চ্যালেঞ্জ করতে পারেন না।’ এ ঘটনায় জাতীয় পরিষদের নারী সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর দল এই পিপিপি। সেই দলের হয়ে জাতীয় পরিষদে সদস্যদের নেতৃত্ব দানকারী খুরশীদ শাহের বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন বেনজিরের মেয়ে আসিফা ভুট্টো জারদারি। তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘এ ধরনের ঘটনা বেশ অনেকবার ঘটেছে। রাজনীতিবিদ নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনা বেড়ে গেছে। এটা মানা হবে না। আশা করছি, খুরশীদ শাহ দুঃখ প্রকাশ করবেন।’