ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা
পাকিস্তানের পার্লামেন্টে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব পাস
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশটির জাতীয় পরিষদ গতকাল মঙ্গলবার সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে ভবিষ্যতে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যার বিষয়টি ঠেকাতে আইনে ব্যবস্থা রাখার কথা বলা হয়। এর আগের দিন ধর্ম অবমাননা আইন সংশোধনের আহ্বান জানান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্যরা।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আবদুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র মাশাল খানকে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা হয়। তাঁর বিরুদ্ধে অনলাইনে ধর্মের জন্য অবমাননার কথা লেখার অভিযোগ তোলা হয়েছিল। সরকারি তদন্তে এর সত্যতা পাওয়া যায়নি।
মাশালকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে আইনপ্রণেতারা ধর্ম অবমাননা আইনের অপপ্রয়োগ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ফারতুল্লাহ বাবর বলেন, ‘মাশাল হত্যা আমাদের ভাবাচ্ছে, কী করে ধর্ম অবমাননা আইনের অপপ্রয়োগ ঠেকানো যায়।’ মাশাল খানের নামে যারা মিথ্যা অভিযোগ এনেছে, তাদেরও একইভাবে মারার জন্য এক মাওলানা প্রস্তাব করেছেন বলে উল্লেখ করেন বাবর।
গতকাল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান মাশাল খানের বাবার সঙ্গে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে বলেন, ‘মাশাল ধর্ম অবমাননা করেননি। ষড়যন্ত্রের শিকার হয়ে খুন হন।...ভবিষ্যতে যাতে এ আইনের অপব্যবহার করে কাউকে হত্যা করা না হয় তা নিশ্চিত করব আমরা।’