পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ বলেছেন, সেনাবাহিনী পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রস্তুত। এর জন্য যেকোনো মূল্য দিতে প্রস্তুত তারা।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানায় পাঞ্জাবের খারিয়ানে কাউন্টার টেররিজম সেন্টারে রাহিল এ কথা বলেন।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় ১৮ জন সেনা নিহত হওয়ার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রাহিল শরিফের এই মন্তব্য এল। 

গতকাল রাহিল শরিফ বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর যেকোনো হুমকি মোকাবিলার ক্ষমতা আছে। তিনি বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান সন্ত্রাসে বিপর্যস্ত হলেও এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষমতা আমাদের আছে।’

স্কেচ প্রকাশ মুম্বাই পুলিশের: ভারতের মুম্বাই থেকে ৪৭ কিলোমিটার দূরের উরান শহরে দেখা যাওয়া সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করেছে পুলিশ। দুই স্কুলপড়ুয়া সন্দেহ–ভাজন ওই জঙ্গিদের চেহারার বর্ণনা দেয়।  এ ঘটনার পর থেকে মুম্বাইজুড়ে চিরুনি অভিযান শুরু চলছে। 

৩৬​ যুদ্ধ বিমান কেনার চুক্তি: এদিকে ভারত দীর্ঘ বিলম্বের পর অবশেষে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য ৮৭০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে নয়াদিল্লিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে এ চুক্তি হলো। দুই দশকের মধ্যে এটি ভারতের সবচেয়ে বড় যুদ্ধবিমান সংগ্রহের ঘটনা।