পাকিস্তানের প্রত্যাশায় সাড়া দিতে ব্যর্থ ভারত: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় ইসলামাবাদের প্রত্যাশার প্রতি সাড়া দিতে ভারত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেটকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ এই মন্তব্য করেন। গতকাল বুধবার পাকিস্তানের পত্রিকাগুলোতে নওয়াজের এই মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। খবর রয়টার্সের।
নওয়াজ বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষার বিপরীতে নয়াদিল্লির পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।’ তিনি বলেন, গত বছরের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের আমন্ত্রণে তাঁর (নওয়াজ) যোগ দেওয়ার বিষয়টি ছিল ‘ব্যতিক্রমী সিদ্ধান্ত’। কিন্তু পরে পাকিস্তানের সঙ্গে আলোচনা থেকে সরে যায় ভারত।
ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ তুলে আলোচনা স্থগিত করেছিল ভারত। নওয়াজ ভারতের এই অভিযোগকে ‘তুচ্ছ অজুহাত’ হিসেবে আখ্যা দেন। বলেন, আসলে পাকিস্তানের সঙ্গে সংলাপ শুরুর কোনো আকাঙ্ক্ষার ইঙ্গিত পর্যন্ত ভারতের নেই।