পাকিস্তানের মানবাধিকার কমিশনের নিন্দা ইমরান খানের
পাকিস্তানের মানবাধিকার কমিশনের (এইচআরসিপি) নিন্দা জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান। গত বুধবার এক কর্মসূচিতে তিনি দাবি করেছেন, এইচআরসিপি জনগণের মনোযোগ দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি থেকে অন্যদিকে সরিয়ে নিয়েছে।
পিটিআইএর এক অবস্থান ধর্মঘট কর্মসূচিতে দেওয়া বক্তৃতায় ইমরান খান মানবাধিকার কমিশনের নিন্দা জানানোর পাশাপাশি এর দক্ষতা ও অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন।
ইমরান খান বলেন, কোনটি ঠিক বা কোনটি ভুল তা মানবাধিকার কমিশনের বলার প্রয়োজন নেই। পাকিস্তানের জনগণের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন করছে বলে দাবি করা এইচআরসিপি শুধু তাদের অর্থের উৎস কী জানাক। তিনি দাবি করেন, পাকিস্তানের সম্মানহানি করার বিদেশি প্রচেষ্টা সফল করতে বিদেশি সাহায্য নিচ্ছে এইচআরসিপি। পিটিআই নেতা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ড্রোন (মানুষবিহীন বিমান) হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের অবস্থা তুলে ধরতে ব্যর্থ হয়েছে এইচআরসিপি।
ইমরান খান বক্তৃতায় দাবি করেন, তাঁর দলের আন্দোলনের কারণে মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে দেশের জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে।