পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল নগর করাচি

রাজধানী ইসলামাবাদকে পেছনে ফেলে পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল নগরের তকমা পেল বন্দরনগরী করাচি। কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের হিসাবে এ তথ্য পাওয়া গেছে। ব্যাংকের হিসাব অনুযায়ী, পাকিস্তানের সবচেয়ে কম সাশ্রয়ী নগর লাহোর।
দেশের বৃহত্তম নগর করাচি একসময় গরিব মানুষের শহর নামে পরিচিত ছিল। স্টেট ব্যাংক অব পাকিস্তানের গত জুন মাসের মূল্যস্ফীতি পর্যবেক্ষণ (ইনফ্লেশন মনিটর) অনুযায়ী, ওই মাসে করাচিতে ভোক্তা মূল্যসূচক ছিল ৪ দশমিক ৭ শতাংশ। গত বছরের জুন মাসে তা ছিল ৪ দশমিক ৬ শতাংশ। লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার বা কোয়েটায় এ রকম টানা মূল্যস্ফীতির চাপ থাকেনি। গত জুনে লাহোরের মূল্যস্ফীতি ছিল শূন্য দশমিক ৮ শতাংশ। গত বছরও এর পরিমাণ ছিল ৩ দশমিক ২ শতাংশ। অর্থাৎ এক বছরে মূল্যস্ফীতি বেশ কমেছে এ শহরে। অন্যদিকে, রাজধানী ইসলামাবাদে এ বছরের জুনে মূল্যস্ফীতি হয় ২ দশমিক ৫ শতাংশ। গত বছরের জুন মাসে সেখানে এর পরিমাণ ছিল প্রায় দ্বিগুণ, ৪ দশমিক ৬ শতাংশ। করাচিতে মূল্যস্ফীতি এত বেশি কেন, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রতিবেদনে কোনো ব্যাখ্যা দেয়নি। মূল্যস্ফীতির পাশাপাশি এ নগরে অপরাধের হারও অনেক বেশি। গত জুলাই মাসে প্রতিদিন ১৭২টি অপরাধ সংঘটিত হয় করাচিতে।