পাকিস্তানের সর্বোচ্চ আদালতে কেন বদলে গেল সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সুপ্রিম কোর্ট
ছবি এএফপি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ৩ এপ্রিল খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। পরে প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট। ওই দিনই এ নিয়ে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) শুনানি গ্রহণ করেন সর্বোচ্চ আদালত। টানা পাঁচ দিনের দীর্ঘ শুনানি শেষে অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে সর্বসম্মত রায় দেন প্রধান বিচারপতি নেতৃত্বে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। কেন সর্বোচ্চ আদালত এ পথে হাঁটলেন, তার ব্যাখ্যা দিয়েছেন দেশটির হাইকোর্টের আইনজীবী সালয়ার খান। জিয়ো নিউজ থেকে তাঁর বিশ্লেষণটি পাঠকের জন্য তুলে দেওয়া হলো—

দুটি কারণে বিষয়টি সর্বোচ্চ আদালতে গড়িয়েছে। প্রথমত, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর সুপারিশে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট।

প্রথমটি ছাড়া দ্বিতীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হতো না। যদি কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি অনিষ্পন্ন থাকে, তাহলে তিনি প্রেসিডেন্টকে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারেন না।

এখানে একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আবশ্যিকভাবে সুপ্রিম কোর্টের সামনে প্রশ্ন ছিল, পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একবার উত্থাপন হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাব স্পিকার খারিজ করে দিতে পারেন কি না। সুপ্রিম কোর্ট আবশ্যিকভাবে ঘোষণা করলেন, আইন অনুযায়ী স্পিকারের এ ধরনের ক্ষমতা নেই।

যেহেতু প্রথম সিদ্ধান্তটিকে বেআইনি ঘোষণা করা হয়েছে, সেই সিদ্ধান্তকে অনুসরণ করে পরবর্তীকালে নেওয়া সব সিদ্ধান্তও বেআইনি হবে। এভাবেই অনাস্থা ভোট পুনর্বহাল হয়, একই সঙ্গে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার প্রধানমন্ত্রীর পরামর্শও রহিত হয়ে যায়। ফলে জাতীয় পরিষদও পুনর্বহাল হয়। সহজ করে বলতে গেলে, অনাস্থা খারিজ করে ডেপুটি স্পিকারের দেওয়া আদেশের আগের অবস্থায় বিষয়গুলো ফিরিয়ে নিয়ে গেছেন সুপ্রিম কোর্ট।

সংবিধান অনুযায়ী অবশ্যই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। যেহেতু আইনে নির্দিষ্ট করে দেওয়া সময় পার হয়ে গেছে, সে জন্য ভোট গ্রহণের অধিবেশন শুরু যাতে শনিবার সকাল সাড়ে ১০টা অতিক্রম না করে সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছেন। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় অথবা ভোটাভুটির প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের হস্তক্ষেপ না হয়, সে জন্য গোটা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যদি অনাস্থা প্রস্তাব সফল হয়, তখন জাতীয় পরিষদকে একই অধিবেশনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তবে অধিবেশন একই বৈঠকে করতে হবে, তেমন নয়।

অনাস্থা ভোটের প্রস্তাব ঘিরে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি চিঠির ওপর স্পিকারের নির্ভরতা এবং ভোট কেনাবেচার আশঙ্কা।

আরও পড়ুন

সংক্ষিপ্ত আদেশে প্রথমটির বিষয়ে কোনো মন্তব্য করেননি আদালত। খুব সম্ভবত বিষয়টি বিবেচনায় নিলেও জাতীয় পরিষদের প্রয়োজনীয়সংখ্যক সদস্য একবার অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে সাধারণত তা খারিজ করে দেওয়ার ক্ষমতা স্পিকারের নেই বলে এ নিয়ে মন্তব্য করা হয়নি। যা হোক, আদালতের যুক্তি বোঝার জন্য বিস্তারিত রায় প্রকাশ হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

ভোট কেনাবেচার বিষয়ে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট প্রদান কিংবা এরপর প্রধানমন্ত্রী নির্বাচনে (যদি প্রয়োজন হয়) ভোট দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে সংবিধানের অনুচ্ছেদ ৬৩এ অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। তাঁরা জাতীয় পরিষদের সদস্য হিসেবে অযোগ্য হবেন।

আরও পড়ুন