পাকিস্তানের সিনেমা হলে বলিউডের ছবি দেখানো নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বড় বড় সিনেমা হলে ভারতের চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। হলমালিকেরা বলেছেন, কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার জেরে নিজেদের সশস্ত্র বাহিনীর সঙ্গে একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানত লাহোর, করাচি ও ইসলামাবাদের হলমালিকেরা ভারতীয় চলচ্চিত্র বর্জন করছেন। এর আগে গত বৃহস্পতিবার ভারতের চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার অ্যাসোসিয়েশন বলিউডে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের কাজ করা নিষিদ্ধ করে। ভারতের অন্তত একজন ডানপন্থী জাতীয়তাবাদী রাজনীতিক পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের তাঁদের ভারত ছাড়তেও বলেন।

এর পরই শুক্রবার পাকিস্তানের বড় বড় প্রেক্ষাগৃহগুলোর জোট জানায়, দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত অথবা অন্তত আগামী কয়েক সপ্তাহ তারা তাদের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন করবে না। তাদের ভাষ্য, কোনো চাপে পড়ে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে তারা সিদ্ধান্তটি নিয়েছে। হলমালিকেরা স্বীকার করেন, পাকিস্তানে বলিউডের ছবির তুমুল জনপ্রিয়তা রয়েছে। তাই এসব ছবি প্রদর্শন বন্ধ রাখায় হয়তো আর্থিক লোকসানও গুনতে হবে তাঁদের।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সংঘটিত হামলায় ভারতের ১৮ সেনা প্রাণ হারান। এর প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণরেখা পার হয়ে পাকিস্তানের সীমানায় ঢুকে ভারতীয় বাহিনী অভিযান চালায়।