পাকিস্তানের সেরা শাসক লিয়াকত আলী খান!‍

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিয়াকত আলি খান ও আইয়ুব খান। ছবি: ডনের সৌজন্যে
লিয়াকত আলি খান ও আইয়ুব খান। ছবি: ডনের সৌজন্যে

ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর যাঁরা পাকিস্তানের শাসক হিসেবে দেশ শাসন করেছেন, তাঁদের মধ্যে সেরা শাসক নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী খান। দেশটির ডন অনলাইনের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।

পাকিস্তানের স্বাধীনতা লাভের ৭০ বছর উপলক্ষে চলতি বছরের জুলাই মাসে এই জরিপ পরিচালনা করে ডন অনলাইন। সেখানে পাঠকদের কাছে জানতে চাওয়া হয়, দেশটির শাসকদের মধ্য কে সেরা। এ ক্ষেত্রে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ পয়েন্ট নির্ধারণ করা হয়। তার ভিত্তিতেই পাঠকেরা মতামত দেন। জরিপে পত্রিকাটির ১৮ হাজার ৫৪৪ জন পাঠক তাঁদের মতামত দেন।

তাঁদের বিচারে সেরা শাসক নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট লিয়াকত আলী খান। পাঁচ পয়েন্টের মধ্যে তিনি পেয়েছেন ৩ দশমিক ৪১২। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আইয়ুব খান। পাঁচের মধ্যে তিনি পেয়েছেন ৩ দশমিক ৪১ পয়েন্ট। তৃতীয় হয়েছেন পারভেজ মোশাররফ। তাঁর অর্জিত পয়েন্ট ৩ দশমিক ১৬২।

৩ দশমিক ০৫৭ পয়েন্ট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন জুলফিকার আলী ভুট্টো। পঞ্চম অবস্থানে রয়েছেন বেনজির ভুট্টো। তাঁর পয়েন্ট ২ দশমিক ৫৩৪। ষষ্ঠ অবস্থানে থাকা মালিক গুলাম মুহাম্মদ পেয়েছেন ২ দশমিক ২৫৯ পয়েন্ট। সদ্য সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফ রয়েছেন সপ্তম অবস্থানে। তিনি পেয়েছেন ২ দশমিক ২৩৯ পয়েন্ট।

অষ্টম অবস্থানে আছেন জিয়াউল হক। তাঁর পয়েন্ট ২ দশমিক ১৪৪। ২ দশমিক ০৭৯ পয়েন্ট নিয়ে ইস্কান্দার মির্জা আছেন নবম অবস্থানে। ইয়াহিয়া খান ১ দশমিক ৬৮৩ পয়েন্ট নিয়ে আছেন দশম অবস্থানে। সর্বশেষ ১ দশমিক ৫৩৩ পয়েন্ট নিয়ে একাদশ অবস্থানে রয়েছেন আসিফ জারদারি।