পাকিস্তানের হাসপাতালে বিস্ফোরণে নিহত ৬৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি হাসপাতালে আজ সোমবার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। হতাহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পাকিস্তানের প্রথমসারির দৈনিক পত্রিকা ডন এবং বার্তা সংস্থা এএফপি।
ডন এর খবরে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

এএফপির খবরে বলা হয়, সেখানকার ভিডিও ফুটেজে দেখা যায়, হতাহত ব্যক্তিরা ছড়িয়ে-ছিটিয়ে আছে। কোনো কোনা জায়গা থেকে তখনো ধোঁয়া উঠছিল। চারদিকে কান্নার রোল।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আকবর হারিফল বলেন, আজ সকালে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাজি কাজে যাওয়ার সময় অজ্ঞাত দুই বন্দুকধারী তাঁকে গুলি করে। এতে তিনি মারা যান। তাঁর মরদেহ হাসপাতালে নেওয়া হয়। তাঁর মৃত্যুতে সেখানে জড়ো হয়েছিলেন অনেক শোকাহত আইনজীবী। সাংবাদিকেরাও জড়ো হয়েছিলেন। এ সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
