পাঞ্জাবের বাইরে গণসংযোগ শুরু করছেন নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সদ্য অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবার পাঞ্জাবের বাইরে গণসংযোগ শুরু করছেন। এর অংশ হিসেবে তিনি দলীয় ও তাঁর কার্যালয়ের কর্মীদের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছেন। এ জন্য তাঁর প্রথম পছন্দ খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। এই প্রদেশের কোয়ালিশন সরকারের নেতৃত্ব দিচ্ছে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

নওয়াজ শরিফের ঘনিষ্ঠ এক সহযোগী জানান, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সমর্থকদের এবং দলের স্থানীয় নেতাদের সঙ্গে দেখা করে তাঁদের উজ্জীবিত করতে মানসেহরা শহরে যাবেন। তিনি আরও বলেন, নওয়াজ শরিফ বেলুচিস্তান, সিন্ধু ও দক্ষিণ পাঞ্জাবে যাওয়ার কথাও ভাবছেন। সম্প্রতি লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে চার দিনব্যাপী মোটর শোভাযাত্রার পথে পথে দেওয়া ভাষণে নওয়াজ শরিফ ঘুরেফিরে একটাই প্রশ্ন তুলেছেন। তা হলো তাঁকে কেন অযোগ্য ঘোষণা করা হয়েছে।