পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বোমা হামলা, নিহত ৭
পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) সুজা খানজাদার রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার বোমা হামলায় সাতজন নিহত হয়েছে। বিস্ফোরণে ভবনের ছাদ ধসে পড়েছে এবং জানালাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে।
দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ডন পত্রিকার অনলাইনে খবরটি জানানো হয়েছে।
হামলার সময় সুজা খানজাদা যে তাঁর রাজনৈতিক কার্যালয়েই ছিলেন সে বিষয়টি পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। মন্ত্রীর ছেলে সোহরাব খানজাদা জিও নিউজকে বলেছেন, তাঁর বাবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় সুজা খানজাদা মারাত্মকভাবে আহত হয়েছেন। আবার কোনো কোনো খবরে বলা হচ্ছে, ওই ধ্বংসস্তূপে চাপা পড়েছেন তিনি।
বোমা হামলায় ভবনটি একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে ২০ থেকে ২৫ জন চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ধ্বংসাবশেষ সরাতে গিয়ে উদ্ধারকর্মীরা সাতটি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে উপ পুলিশ সুপার হাজরো সৈয়দ শওকত শাহের লাশও আছে বলে ডনের খবরে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলোর দাবি, নিষিদ্ধঘোষিত লস্কর-ই-জাংভি আত্মঘাতী ওই বোমা হামলার দায় স্বীকার করেছে। জুলাইয়ে সংগঠনটির প্রধান মালিক ইসাক নিহত হওয়ার পর থেকে সুজার প্রতি জীবননাশের হুমকি ছিল।