পাঠানকোট-কাণ্ডে পাকিস্তানে ধরপাকড়
পাঠানকোট-কাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পাকিস্তানে অন্তত ১২ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে জয়শ-ই-মহম্মদের তিনটি অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পাঠানকোট-কাণ্ডের তদন্তে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যে বিশেষ ক্ষমতাসম্পন্ন দল গঠন করেছেন, সেই দলকে তিনি পাঠানকোটে পাঠাতে চান। সে জন্য ভারতের সঙ্গে পাকিস্তান কথা বলবে। এই ধরপাকড়ের মধ্য দিয়ে পাঠানকোট-কাণ্ডে জয়শ-ই-মহম্মদের যোগসাজশের অভিযোগও পাকিস্তান কার্যত মেনে নিল।
পাকিস্তানের এই তৎপরতার ফলে পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করা হচ্ছে। ভারত আগেই জানিয়েছিল, দ্রুত উপযুক্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর আলোচনার ভাগ্য নির্ভরশীল। পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর কলম্বো থেকে দিল্লি ফিরে আজ বুধবার রাতেই বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কাল বৃহস্পতিবার প্যারিস থেকে দেশে ফিরছেন। দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে জয়শঙ্করের ইসলামাবাদে যাওয়ার কথা আগামী শুক্রবার।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত মঙ্গলবার বলেছিলেন, পাকিস্তানকে আরও কিছুদিন সময় দেওয়া দরকার। তাদের অবিশ্বাস করারও কোনো কারণ নেই। এই মন্তব্যের প্রায় পিঠাপিঠিই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গায় আজ ব্যাপক তল্লাশি চালানো হয়। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অফিস থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্ত ও ভারত থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে ধৃতরা পাঠানকোট-কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জয়শ-ই-মহম্মদের অন্তত তিনটি অফিসও সিল করে দেওয়ার কথা জানানো হয়েছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের মাটিকে ভারতবিরোধী কাজে ব্যবহৃত হতে না দেওয়া এবং সন্ত্রাস নির্মূল করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। এই বিবৃতিতেই বলা হয়, ভারতের সঙ্গে কথা বলে সরকার তদন্তকারী দলকে পাঠানকোটে পাঠাতে চায়।
বুধবার সকালে নওয়াজ শরিফ এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তাতে সেনাপ্রধান রাহিল শরিফ, আইএসআই-প্রধান রিজওয়ান আখতার, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্য সরকারি কর্মকর্তা ও পুলিশ-গোয়েন্দারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, যাদের আটক করা হয়েছে, তারা পাঠানকোট হামলার সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ।
কাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই পরিচয় অবশ্য পাকিস্তান জানায়নি। ভারতের দিক থেকে জয়শের নেতা মাওলানা মাসুদ আজহার ও তাঁর ভাই ছাড়াও জয়শের আরও দুই কর্তার গ্রেপ্তার দাবি করেছে। এ বিষয়ে বৈঠকে নওয়াজ শরিফ অবশ্য কিছু বলেননি। তবে পাকিস্তান সূত্রে খবর, জয়শ-ই-মহম্মদকে নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, জঙ্গি সংগঠনগুলো নিষিদ্ধ করা পাকিস্তানে নতুন কিছু নয়। কিন্তু নিষিদ্ধ ঘোষণার পর দেখা গেছে সেই সংগঠন অন্য নামে দুষ্কর্ম করে যাচ্ছে। ভারত এই ক্ষেত্রে স্পষ্টভাবে মাসুদ আজহারের গ্রেপ্তারের দাবি করেছে। আফগানিস্তানের কান্দাহারে ভারতীয় বিমান আইসি ৮১৪ ছিনতাই করে নিয়ে গিয়ে জঙ্গিরা এই মাসুদ আজহারের মুক্তির বিনিময়ে পণবন্দীদের ছেড়ে দিয়েছিল।