পানামা পেপারস নিয়ে কমিশন হচ্ছে পাকিস্তানে
পানামা পেপারস কেলেঙ্কারি তদন্তের লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) বিচার বিভাগীয় কমিশন গঠনে উদ্যোগী হয়েছে। ওই কেলেঙ্কারিতে নাম এসেছে নওয়াজের সন্তানদেরও।
পিএমএল-এন গত শুক্রবার বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করেছে। এ ছাড়া তারা সম্ভাব্য কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়ার জন্য কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারকের সঙ্গেও যোগাযোগ করে।
পিএমএল-এনের পার্লামেন্ট সদস্য মুসাহিদুল্লাহ খান বলেন, তিনি ও তথ্যমন্ত্রী পারভেজ রশিদ এ বিষয়ে আলোচনা করতে তাঁদের মিত্র রাজনৈতিক দল পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান মাহমুদ আশকজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
পানামাভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার লাখ লাখ নথি ফাঁস হওয়ার পর বিশ্বের অনেক নেতার মতোই বিতর্কে জড়িয়ে পড়েন নওয়াজ। নথি মোতাবেক, কর ফাঁকি দিতে তাঁর সন্তানেরা ফনসেকার মাধ্যমে অফশোর কোম্পানি গড়ে তুলেছেন।