পানি নিয়ে উত্তেজনা এড়াতে চায় ভারত-পাকিস্তান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের মধ্যে পানি নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসনে আলোচনায় বসেছিল দুই দেশ। বিশ্বব্যাংকের উদ্যোগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে গত মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে এই আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে এবং পানি নিয়ে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দুই দেশ পরবর্তী সময়ে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে পারবে।

বিশ্বব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত দুই দিনের ওই আলোচনার পর পাকিস্তানের তরফ থেকে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রে ভারতের দূতাবাস নিজের দেশের সংবাদমাধ্যমকে বিশ্বব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিবৃতি সরবরাহ করেছে, যাতে বিশ্বব্যাংক পানি নিয়ে আলোচনায় তারা নিরপেক্ষ অবস্থানে থেকে দুই দেশকে একটা সমাধানের পথ খোঁজায় সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে।

এই আলোচনায় ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব অমরজিত সিং তাঁর দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এই দলে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েরও প্রতিনিধিরা ছিলেন। আর পাকিস্তানের পানি ও বিদ্যুৎ সচিব ইউসুফ নাসিম খোখার তাঁর দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আইজাজ আহমেদ চৌধুরীও উপস্থিত ছিলেন এ আলোচনায়।

ওয়াশিংটনে এই আলোচনার মূল বিষয় ছিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে কিষানগঙ্গা ও র‍্যাটল জলবিদ্যুৎ প্রকল্পের পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা। কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের একটি অংশ হলো এই নদীতে বাঁধ নির্মাণ করে ঝিলম নদীর অববাহিকায় কিষানগঙ্গার প্রবাহ ঘুরিয়ে নেওয়া। এই অববাহিকায়ই নির্মাণাধীন রয়েছে এই প্রকল্পের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর র‍্যাটল জলবিদ্যুৎ প্রকল্প হলো চেনব নদীতে র‍্যাটল গ্রামের কাছে নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্র।

পাকিস্তান এই দুই প্রকল্পের বিরোধিতা করে আসছে। দেশটির অভিযোগ, এর মাধ্যমে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধুর পানি চুক্তি লঙ্ঘন করেছে ভারত।

এই দুই প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে এর আগে সর্বশেষ আলোচনা হয় চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানে অনুষ্ঠিত ‘স্থায়ী সিন্ধু কমিশন’-এ। এর আগে গত বছরের নভেম্বর মাসে বিশ্বব্যাংকের উদ্যোগে পানি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা হয়। এরপর চলতি বছরের এপ্রিলে আরও একটি আলোচনার উদ্যোগ নিয়েছিল বিশ্বব্যাংক। কিন্তু ভারত ওই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়।

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ইসলামাবাদ যত দিন ভারতের অভ্যন্তরে জঙ্গিদের হামলা চালানো বন্ধ করতে না পারবে, তত দিন পাকিস্তানকে সিন্ধুর পানি দেবে না ভারত। তবে ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, তারা কখনোই কোনো সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় দেয়নি, যারা সীমান্তের এপার থেকে ওপারে হামলা চালাবে।

পানি নিয়ে অচলাবস্থা সৃষ্টির পর গত বছর বিশ্বব্যাংকের দ্বারস্থ হয় পাকিস্তান। কাশ্মীরে নির্মাণাধীন ভারতের দুই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করে। সেই সঙ্গে ভারত যে সিন্ধু চুক্তি পর্যালোচনার হুঁশিয়ারি দিয়েছে, তাও বিশ্বব্যাংকে জানানো হয়।