পার্লামেন্ট থেকে ইমরান খানের দলের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ইমরান খান

পাকিস্তানে সরকার পতনের লক্ষ্যে রাজধানী ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারের ওপর চাপ আরও বাড়াতে গতকাল শুক্রবার জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেছেন ইমরান খানের দল পিটিআইয়ের সাংসদেরা।
এর পরও বিক্ষোভের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে পিটিআই। গতকাল দলের কোর কমিটির বৈঠকের পর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি সাংবাদিকদের জানান, সরকারের সঙ্গে আলোচনার জন্য তাঁরা প্রস্তুত। তবে এর আগে দলের চেয়ারম্যান সাবেক ক্রিকেট তারকা ইমরান খান অভিযোগ করেন, তাঁরা আলোচনায় বসতে চান, কিন্তু সরকারের দিক থেকে সুবিচারের নিশ্চয়তা নেই। খবর ডনের।
আলোচনার জন্য গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে ইসলামাবাদের একটি হোটেলে যায় পিটিআইয়ের একটি প্রতিনিধিদল। দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশির নেতৃত্বাধীন ওই দলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের আলোচনা হওয়ার কথা ছিল।
গত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে রাজপথে জোর আন্দোলন করে যাচ্ছে ইমরানের পিটিআই ও তাহির-উল কাদরির পিএটি। চলমান আন্দোলনের অংশ হিসেবে পিটিআইয়ের সাংসদেরা গতকাল পদত্যাগ করলেন।
পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসনসংখ্যা ৩৪২। এর মধ্যে সরাসরি নির্বাচন হয় ২৭২টি আসনে। বাকি ৭০টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭২টি আসন। গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ১৬৬, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৫ এবং ইমরান খানের পিটিআই ৩৫টি আসন পায়। পরে স্বতন্ত্র সাংসদদের সমর্থন নিয়ে সরকার গঠন করেন নওয়াজ।
পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান ও জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কোরেশিসহ ৩৪ সাংসদের পদত্যাগপত্র জমা দেওয়া হয় জাতীয় পরিষদের স্পিকারের দপ্তরে। পরে স্পিকার সরদার আয়াজ সাদিক সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে পার্লামেন্ট ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই।
স্পিকার সরদার আয়াজ বলেন, ‘পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমার কোনো তাড়া নেই। আমি প্রথমে পিটিআইয়ের সব সাংসদকে আলাদাভাবে চিঠি দিয়ে জানতে চাইব, তাঁরা পদত্যাগ করতে চান কিনা। এরপর তাঁদের কাছে ফোন করে জানতে চাইব। এসব কাজে প্রায় দুই সপ্তাহ লেগে যেতে পারে।’
তবে পাকিস্তানের নির্বাচন কমিশনের সাবেক সচিব কানওয়ার দিলশাদ সাংবাদিকদের জানান, সাংসদেরা পদত্যাগপত্র দাখিল করার পর থেকে তাঁদের পার্লামেন্ট সদস্যপদ বাতিল হয়েছে। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র গৃহীত না হওয়ার কোনো কারণ নেই।
এর আগে গত মঙ্গলবার জাতীয় পরিষদ ও একটি বাদে (খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ক্ষমতায় আছে পিটিআইয়ের নেতৃত্বাধীন জোট সরকার) সব প্রাদেশিক পরিষদ থেকে দলীয় সাংসদদের পদত্যাগের ঘোষণা দেন ইমরান খান। পরদিন সংশ্লিষ্ট পরিষদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হয়নি।
গতকালই পিটিআইয়ের প্রধান ইমরান খান বলেন, তিনি সরকারের সঙ্গে সংলাপে বসতে রাজি। তবে ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় আসা একটি সরকারের কাছে তাঁর দল ন্যায়বিচার আশা করে না। তিনি অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
এদিকে জাতীয় পরিষদে গতকাল বিরোধী দল পিপিপির তোলা একটি প্রস্তাব পাস হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও পার্লামেন্ট বিলুপ্ত করার দাবি অসাংবিধানিক।