পিছু হটবেন না ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ না করা পর্যন্ত পিছু না হটার কথা আবার বলেছেন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

আজ মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার রাতে ইসলামাবাদে আন্দোলনকারীদের অবস্থানস্থলে কর্মী-সমর্থকদের উদ্দেশে ইমরান এ কথা বলেন।

রাতে ইমরান বিশ্রাম নিতে ঘটনাস্থল ছেড়ে বানিগালায় তাঁর বাড়িতে গিয়েছিলেন। সেখানে ছয় ঘণ্টা থেকে তিনি আবার দলের আন্দোলনরত নেতা-কর্মীদের মধ্যে ফিরে আসেন।
পিটিআইয়ের নেতা আরিফ আলভি বলেন, ইমরান খান ক্লান্ত হয়ে পড়ায় বিশ্রাম নিতে বাড়িতে গিয়েছিলেন।

ইমরান বলেন, ১৮ দিনের এ অবস্থান কর্মসূচি জনগণের মধ্যে পরিবর্তন এনেছে। তিনি বলেন, নওয়াজ শরিফ সেনাবাহিনীর নামে কুত্সা ছড়াচ্ছেন।

তিনি দাবি করেন, মোতায়েন থাকা আড়াই হাজার পুলিশ বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থানের ওপর গুলি ছুড়তে চায়নি। আর বেআইনি এই আদেশ পালন করতে না চাওয়ায় তিনজন আইজিকে সরিয়ে দেওয়া হয়েছে।
ইমরান অভিযোগ করেন, ইনটেলিজেন্স ব্যুরোকে আড়াই হাজার কোটি রুপি দেওয়া হয়েছে। আর নওয়াজের দল পিএমএল-এন হলুদ সাংবাদিকতাকেই মদদ দিচ্ছে।