পিটিআই ও পিএটির সমাবেশ নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)—এই দুই দলের সমাবেশ নিয়ে পাকিস্তানে উত্তেজনা বিরাজ করছে। কাল বৃহস্পতিবার দেশটির স্বাধীনতা দিবসে ডাকা হয়েছে এই সমাবেশ। সম্ভাব্য সহিংসতা এড়াতে দুটি দলের নেতাদের গ্রেপ্তারের দাবি উঠলেও সরকার বলছে, গ্রেপ্তার নয়, প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। খবর ডনের।
পিটিআইয়ের নেতারা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে ইতিমধ্যে বলেছেন, শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হলে দেশের ওপর দিয়ে ‘সুনামি’ বয়ে যাবে। গত বছর অনুষ্ঠিত নির্বাচন বাতিল এবং ভোট জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে এ সমাবেশের ডাক দেয় ইমরান খানের দল পিটিআই। পরে তাহির উল কাদরির পিএটিও এতে সমর্থন জানায়। আগামীকাল অনুষ্ঠেয় সমাবেশে যোগ দিতে লাহোর থেকে মিছিল নিয়ে ইসলামাবাদে আসবেন দল দুটির হাজার হাজার নেতা-কর্মী।
পাঞ্জাবের আইনমন্ত্রী রানা মাহসুদ গত রোববার বলেন, ‘আজাদি মার্চ’ পণ্ড করতে জামান পার্ক এলাকায় পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বাসার সামনে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) কয়েক হাজার নেতা-কর্মী অবস্থান নেবেন। তাঁর এ ঘোষণার
পর গত সোমবার বিকেলে পিএমএল-এনের কিছু নেতা-কর্মী ইমরান খানের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় ঢিল ছোড়েন। তবে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
দুটি দলের সমাবেশ নিয়ে আলোচনা করতে সোমবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে এমকিউএমের নেতা আলতাফ হুসেইন আগামীকালের সমাবেশ পণ্ড করতে কোনো ‘অগণতান্ত্রিক’ ব্যবস্থা না নিতে সরকারকে সতর্ক করে দিয়েছেন।
নির্বাচনে অনিয়মের তদন্ত করতে বললেন নওয়াজ: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশটিতে ২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করতে সুপ্রিম কোর্ট কমিশনকে অনুরোধ জানিয়েছেন। গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ অনুরোধ জানান। নওয়াজ শরিফ ভাষণে বলেন, তিনি পাকিস্তানের প্রধান বিচারপতিকে অনুরোধ করছেন যেন তিন সদস্যের একটি কমিশন গঠন করে নির্বাচনে অনিয়মের অভিযোগগুলো তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত দেন।