পিটিআইকে 'নিঃশর্ত' সংলাপের প্রস্তাব সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলকে ‘নিঃশর্ত’ সংলাপের প্রস্তাব দিয়েছে সে দেশের সরকার। পিটিআইয়ের দেশ অচল করার কর্মসূচির প্রেক্ষাপটে উপদেষ্টা কমিটির বৈঠকের পর গত বুধবার ওই প্রস্তাব দেওয়া হয়। খবর ডনের।
লাহোরে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, পিটিআই নেতা ইমরান খান ২০১৩ সালের নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ তুলেছেন, তা বিচার বিভাগীয় কমিশনের তদন্তে প্রমাণিত হলে তাঁর পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-নওয়াজ) ক্ষমতা ছেড়ে দেবে। মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে বিচার বিভাগীয় কমিশন যে সিদ্ধান্ত দেবে, তা উভয় দলকেই মেনে নিতে হবে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার হটাতে ইমরান খান গত আগস্ট মাসে ‘আজাদি মার্চ’ করেন। সমর্থকদের নিয়ে তিনি মার্চ করে রাজধানী ইসলামাবাদে দীর্ঘ অবস্থান ধর্মঘট করেন। পরে সরকার পিটিআইয়ের সঙ্গে সংলাপে বসলেও তা তেমন কার্যকর হয়নি।
ইমরান বলেছেন, তিনি ‘প্ল্যান-সি’ স্থগিত করতে প্রস্তুত আছেন। তাঁর দল আজ শুক্রবার বন্দরনগর করাচি ‘অচল করার’ কর্মসূচি নিয়েছে। ইসলামাবাদের ‘ডি-চক’-এ চলমান অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া সমর্থকদের বুধবার ইমরান বলেন, সরকার এর আগেই বিচার বিভাগীয় কমিশন গঠন করলে আন্দোলনের ‘প্ল্যান-সি’ স্থগিত রাখা হবে। এদিকে পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাটাক বুধবার দাবি করেছেন, ইমরানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের তিনবার গোপন বৈঠক হয়েছে।