পিটিভি ঘেরাও, পরে মুক্ত

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার কেন্দ্র পিটিভির কার্যালয় আজ সোমবার দুপুরের দিকে ঘেরাও করে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। ঘেরাওয়ের আধা ঘণ্টার মধ্যে আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, পাকিস্তানে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে আন্দোলনরত কয়েক শ কর্মী দুপুরের দিকে পিটিভির ভবন ঘেরাও করে। এর আধা ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়।
বিক্ষোভকারীরা পিটিভি ভবন ঘেরাও করার কিছুক্ষণের মধ্যে চ্যানেলটির খবরে জানানো হয়, বিক্ষোভকারীরা ভবনটি ঘেরাও করে কর্মীদের অবরুদ্ধ করে ফেলেছে। এরপর পিটিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
এর আগে আজ সকালে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভকারীরা ইসলামাবাদের ‘রেড জোন’ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে তিন হাজারেরও বেশি বিক্ষোভকারী সেখানে অবস্থান করছে। ইট-পাটকেল আর লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
পাকিস্তানের সেনাবাহিনী মধ্যস্থতাকারী হিসেবে গতকাল সরকার ও বিক্ষোভকারীদের প্রতি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানোর পর আজ এ সংঘর্ষের শুরু।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও তাহির উল কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা-কর্মীরা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন। গত শনিবার রাতে রেড জোন এলাকায় সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক আহত হন।
আজ ইসলামাবাদে আজাদি মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে পিটিআইয়ের প্রধান ইমরান খান বলেন, ওই রাতের সংঘর্ষে পিটিআইয়ের নেতা-কর্মীরা জড়িত ছিলেন না। এ সময় পুলিশের সঙ্গে পিএটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।