পেশোয়ারে বাসে বোমা হামলায় নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সরকারি কর্মচারী বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল বুধবার ওই হামলায় আহত হয় ৩০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কাছের একটি শহর থেকে পেশোয়ারে ফিরে আসছিল বাসটি। পুলিশ ধারণা করছে, বাসের ভেতরে বোমাটি পাতা ছিল। হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে পেশোয়ারে এর আগে বেশ কয়েকবার হামলা করেছে জঙ্গি তালেবান।
বিস্ফোরণে বাসটির বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে পড়েছে। পাকিস্তান রেডিওর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, ‘এ ধরনের কাপুরুষোচিত কাজ সন্ত্রাস নির্মূলে আমাদের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
বোমা বিস্ফোরণের এই এলাকাটি আফগানিস্তান সীমান্তসংলগ্ন। এ এলাকায় তালেবান এবং অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পাকিস্তান সরকার ব্যাপক অভিযান পরিচালনা করছে। ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলার পর এই অভিযান শুরু হয়। ওই হামলায় ১৫০ জনেরও বেশি লোক নিহত হয়। এদের বেশির ভাগই ছিল স্কুলটির শিক্ষার্থী।