পেশোয়ারে হামলায় জড়িত জঙ্গি কমান্ডার নিহত

পেশোয়ারে সেনাবাহিনীর পরিচালিত স্কুলে জঙ্গি হামলার সঙ্গে জড়িত কমান্ডার সাদ্দাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাইবার এজেন্সির জামরুদ এলাকায় তিনি নিহত হন। আজ শুক্রবার ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।
খাইবার এজেন্সির রাজনৈতিক প্রতিনিধি শাহাব আলী শাহ পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে বলেন, জামরুদের গুন্ডি এলাকায় সাদ্দাম নিহত হয়েছেন। তাঁর এক সহযোগীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, তেহরিক-ই-তালেবানের তারিক জেডার গ্রুপের অভিযান পরিচালনাকারী অন্যতম কমান্ডার ছিলেন সাদ্দাম। তিনি পেশোয়ারে ওই স্কুলে তালেবান বন্দুকধারীদের সহায়তা করেছেন।
খবরে জানানো হয়, এই সাদ্দামই গত বছর খাইবার পাখতুনখাওয়া এলাকায় পোলিও টিকাদান কর্মীদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন।
ওই হামলায় ১১ জন পোলিও টিকাদান কর্মী নিহত হন।১৬ ডিসেম্বর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের ওয়ারসাক রোডে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান অস্ত্রধারীরা। যখন হামলা চালানো হয়, তখন ওই স্কুলে পরীক্ষা চলছিল। তাই শ্রেণিকক্ষগুলো ছিল শিক্ষার্থীতে ঠাসা। হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১৪৮ জন। তাদের মধ্যে শিশু ১৩২ জন। বাকি নয়জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।