পেশোয়ারের স্কুলে হামলার দায়ে ৪ জঙ্গির ফাঁসি কার্যকর

পাকিস্তানের পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলার ঘটনায় জড়িত থাকা চার জঙ্গির মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর করা হয়েছে।
এই আসামিরা হলেন আব্দুস সালাম, হজরত আলী, মুজিবুর রেহমান ও সাবিল ওরফে ইয়াহিয়া।
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আজ এএফপির খবরে জানানো হয়, সেনাবাহিনীর একটি স্কুলে হামলার ঘটনায় জড়িত থাকায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাতে অবস্থিত একটি কারাগারে চার জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২০১৪ সালের ১৬ ডিসেম্বরে পাকিস্তানের পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে একদল জঙ্গি সশস্ত্র হামলা চালায়। এ সময় বোমা হামলাও চালানো হয়। এতে ১৫০ জনের বেশি নিহত হয়। এর অধিকাংশ ছিল শিক্ষার্থী।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করে। সংগঠনটি ওই সময় জানিয়েছিল, উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের ঘাঁটি জার্ব-ই-আজবে চলমান সেনা অভিযানের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়।
আরও পড়ুন..
স্কুলশিশুর ওপর এ কোন বর্বরতা