প্রভাবশালী নেতার দলত্যাগে বৈঠক বিলাওয়ালের
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পাঞ্জাব শাখার ভাইস প্রেসিডেন্ট চৌধুরী তারিক গুজ্জার দলত্যাগ করেছেন। এ ঘটনার এক দিন পর গত শুক্রবার স্থানীয় নেতাদের এক প্রতিনিধিদলকে ডেকে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। খবর দ্য ডনের।
পাঞ্জাবে ক্রমশ দুর্বল হচ্ছে পাকিস্তানের অন্যতম প্রধান দল পিপিপি। দলটির অবস্থান ধরে রাখার লক্ষ্যে ভূমিকা রাখতেই দলীয় কো-চেয়ারম্যান ও নিজের বাবা আসিফ আলী জারদারির অনুমোদনক্রমে ওই বৈঠক করেন বিলাওয়াল।
পিপিপির একজন মুখপাত্র বলেন, গুজরানওয়ালা শহরের ওই প্রতিনিধি-দলকে ডেকে বিলাওয়াল দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-নওয়াজ) ‘রাজনৈতিক নিপীড়ন ও মিথ্যা মামলা দায়ের’ মোকাবিলার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।
আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী গুজরানওয়ালা পিপিপির প্রেসিডেন্ট লালা আসাদুল্লাহ তারা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সে বিষয়ে দলীয় নেতাকে অবহিত করেন।