পানামা পেপারসের কেলেঙ্কারিতে নিজের ও পরিবারের সদস্যদের নাম থাকার বিষয়টি একপ্রকার উড়িয়েই দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল শুক্রবার জাতির উদ্দেশে এক ভাষণে তিনি বলেছেন, ‘কর ফাঁকির অভিযোগের প্রমাণ দিতে পারলে পদত্যাগ করে বাড়ি চলে যাব।’
পানামা পেপারসকে পুঁজি করে একটা মহল দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নওয়াজ। তিনি বলেন, ‘ইস্যুটি সামনে আসার পরপরই আমি জাতির আস্থা অটুট রাখতে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দেব বলেও সিদ্ধান্ত নিয়েছি।’
পানামাভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১৫ লাখ নথি ফাঁস হয়। এসব নথিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তিত্বের নাম উঠে আসে। ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা কীভাবে কোন কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, তা বেরিয়ে আসে এসব নথিতে।
ফাঁস হওয়া নথিতে নওয়াজের চার ছেলেমেয়ের মধ্যে তিনজন মরিয়ম, হাসান ও হোসেনের নাম এসেছে। নওয়াজের সন্তানেরা মোসাক ফনসেকার মাধ্যমে পরিচালিত বিভিন্ন অফশোর কোম্পানির মালিকানার অংশীদার।