প্রাণ বাঁচাতে বাংকার

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিলম উপত্যকায় পরিবার নিয়ে থাকেন চাঁদ বিবি। কিছুদিন আগে কংক্রিট ও ইস্পাতের তৈরি রড কিনেছেন তিনি। রাজমিস্ত্রিদের সঙ্গে কথাও হয়ে গেছে। এখন শুধু মাটির তলায় বাংকার বানানোর অপেক্ষা। তাঁর মতে, বাংকারে আশ্রয় মিললে বেঁচে থাকার আশা আছে। ভারত ও পাকিস্তানের কাশ্মীর সীমান্তে অব্যাহত গোলাগুলির ঘটনায় পাকিস্তান-নিয়ন্ত্রিত অঞ্চলের বাসিন্দারা এখন এভাবেই প্রাণ বাঁচানোর উপায় খুঁজছেন।
তবে পাকিস্তানের কাশ্মীর সীমান্তে আবাসিক বাংকার তৈরির ঘটনা এবারই প্রথম নয়। নব্বইয়ের দশকেও বাংকার বানাতে হয়েছিল এ অঞ্চলের বাসিন্দাদের। কারণ ওই একই, ভারতের সামরিক বাহিনীর সঙ্গে গোলাগুলি। এত বছর পর আবার বাসাবাড়ির নিচে বাংকার তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বলা হচ্ছে, ২০০৩ সালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এবারের পরিস্থিতিই সবচেয়ে খারাপ।
মাসব্যাপী চলা সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় দুই দেশেই বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। গুলিবিনিময় ও গোলাবর্ষণ শুরু হয় হুট করে। ফলে আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় না। এর চেয়ে বাংকারে থাকাই নিরাপদ। ৬২ বছরের চাঁদ বিবির মনোভাবও এমনই। সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের মনে ঢুকে গেছে মৃত্যুভয়। এ ভয়ের তাড়াতেই নিলম উপত্যকায় ভূগর্ভস্থ বাংকার তৈরির ধুম পড়েছে।
এসব বাংকার তৈরিতে খরচও বেশ। পেশায় শিক্ষক সুলতান আহমেদ যেমন ৫ লাখ রুপি খরচ করে বাংকার তৈরি করছেন। ১০ ফুট বাই ১৪ ফুটের ওই বাংকারে থাকতে পারবে ২৫ জন। আর চাঁদ বিবি খরচ করছেন ৩ লাখ রুপি। এ ছাড়া শ্রমিকের পেছনে দিনপ্রতি খরচ হবে ৮০০ রুপি করে।

অন্যদিকে বাংকার তৈরির তোড়জোড় শুরু হওয়ায় রাজমিস্ত্রিদের বাজার রমরমা। স্থানীয় রাজমিস্ত্রি গুলাম হোসেইন বলেন, সীমান্তে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর থেকে তাঁর কাজ বেড়ে গেছে। অবস্থা এমন হয়েছে যে, এক বাড়ির নিচে বাংকার তৈরির কাজ শেষ হতে না হতেই তাঁকে ছুটতে হচ্ছে আরেক মক্কেলের বাড়িতে।
কাশ্মীরের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) পাকিস্তান-নিয়ন্ত্রিত অংশে প্রায় ৫ লাখ মানুষ বাস করে বলে জানান আজাদ কাশ্মীরের নেতা ফারুক হায়দার খান। তিনি বলেন, সরকার এখন সাধারণ মানুষের জন্য ‘গণবাংকার’ তৈরির পরিকল্পনা করছে।
২০০৩ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত সেপ্টেম্বরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার গোলাগুলি শুরু হয়। ভারতের দাবি, পাকিস্তানের জঙ্গিদের হামলাতেই ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছে। এর জবাবে দেশটি পাকিস্তানের ভেতরে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের সেনা অভিযানও চালায়। এর পর থেকেই নিয়মিত বিরতিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময় চলছে। সর্বশেষ গত মঙ্গলবার ভারতের নাগরোটা সেনাছাউনিতে আবার জঙ্গি হামলা হয়। এতে সাত সেনা নিহত হয়েছেন।