ফাঁসিতে অবসান ২২ বছরের অপেক্ষার

অপ্রাপ্ত বয়সে মৃত্যুদণ্ড পাওয়া পাকিস্তানের খ্রিষ্টান নাগরিক আফতাব বাহাদুরের রায়টি ২২ বছর পর আজ বুধবার কার্যকর করা হয়েছে। ভোরে লাহোরের কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।
১৯৯২ সালে মৃত্যুদণ্ড ঘোষণার সময় আফতাবের বয়স ছিল ১৫ বছর। সে সময় পাকিস্তানে ১৫ বছর বয়সী কাউকে মৃত্যুদণ্ড দেওয়ায় কোনো আইনি বাধা ছিল না। পরে ২০০০ সালে বিধান করা হয়, ১৮ বছরের কম বয়সী কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না।
আফতাবের এই রায় কার্যকর করাকে ‘লজ্জাজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা।
লাহোরে ১৯৯২ সালে জোড়া খুনের দায়ে কিশোর আফতাবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মৃত্যুদণ্ড বাতিল করার দাবিতে সোচ্চার হয় স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা। এই পরিস্থিতিতে গত ২২ বছরে বহুবার তাঁর ফাঁসি কার্যকর করার আয়োজন করেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে এমন আতঙ্ক নিয়ে ২২টি বছর কারাগারে কাটিয়েছেন আফতাব। আজ ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাঁর অপেক্ষার শেষ হলো।
মৃত্যুর আগে একটি লেখা লিখেছিলেন আফতাব। এই লেখাটি ছিল তাঁর ফাঁসির রায় বাতিলের দাবিতে সোচ্চার আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী রিপ্রীভের জন্য। মৃত্যুর পরোয়ানা নিয়ে ২২ বছর ধরে কারাগারে তাঁর দুঃসহ অপেক্ষার কথা উঠে এসেছে তাঁর সেই লেখায়।