
শ্রেণিকক্ষে রসায়নের পাঠ নিচ্ছিল মালালা। তাকে ডেকে নিয়ে বলা হলো খবরটা। শান্তিতে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছে সে। বিস্ময়, আনন্দ আর উত্তেজনা নিয়েই বিকেলে পদার্থবিদ্যা আর ইংরেজির ক্লাস করল ১৭ বছর বয়সী মেয়েটি।
যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টন হাইস্কুল ফর গার্লসের ছাত্রী মালালা ইউসুফজাই। পড়াশোনায় মনোযোগ নষ্ট হতে পারে বলে সে ফেসবুক ব্যবহার করে না, এমনকি মুঠোফোনও নয়। পাকিস্তানি এই ছাত্রী গ্রীষ্মকালীন ছুটিতে নাইজেরিয়ায় গিয়েছিল। উদ্দেশ্য—বোকো হারাম জঙ্গিদের কবলে অপহৃত ছাত্রীদের মুক্তির দাবিতে প্রচারাভিযানে অংশগ্রহণ।
নারীশিক্ষা অধিকার বাস্তবায়নের আন্দোলনে ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি নিজের পড়াশোনা নিয়েও ভাবতে হয় মালালাকে। বয়স অল্প হলেও তার অভিজ্ঞতার ঝুলিটা মোটেও হালকা নয়। মার্কিন সমরনীতি নিয়ে সে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গত বছর সরাসরি সাক্ষাতে কথা বলেছে। কিন্তু নিজ সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব গড়তে তাকে বেশ বেগ পেতে হয়। মালালার লেখা আত্মজীবনীর বিশেষ সংস্করণ প্রকাশিত হয়েছে শিশু-কিশোরদের জন্য। এতে সে লিখেছে, ‘আমি মজা করতে চাই। কিন্তু ঠিক জানি না কীভাবে সেটা করতে হয়।’
শিশু অধিকার আন্দোলনের ভারতীয় কর্মী কৈলাস সত্যার্থীর পাশাপাশি এবার সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছে মালালা। শুক্রবার তার ক্লাস শেষ হওয়ার পর বার্মিংহামে এক বিবৃতিতে সে বলেছে, এই স্বীকৃতি তার এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা দেবে এবং তাকে নিজের প্রতি আস্থাশীল করে তুলবে। তবে এই পুরস্কার তার পরীক্ষার ফলাফলে বাড়তি কিছু যোগ করবে না।
তার ‘ডানাগুলো আটকে রাখেননি’ বলে বাবাকে ধন্যবাদ দিয়েছে মালালা। মেয়ে হলেই যে ক্রীতদাসী হয়ে থাকতে হবে, তা নয়। এটা দেখিয়ে দিতে পেরে সে গর্ববোধ করে। নোবেল পুরস্কারটি সে উৎসর্গ করেছে সেই সব শিশুর উদ্দেশে, যারা ‘নিজেদের অধিকার সম্পর্কে বলতে পারে না’। শিশুদের প্রতি তার আহ্বান: ‘উঠে দাঁড়াও নিজেদের অধিকার আদায়ের জন্য।’ একজন ভারতীয় ব্যক্তির সঙ্গে নোবেল পুরস্কার ভাগাভাগি করাটা আনন্দের বলে জানিয়েছে মালালা। তার ভাষায়, এই পুরস্কার ‘দুই ধর্মের মধ্যে ভালোবাসার একটি বার্তা’। মালালার ইচ্ছা, আগামী ডিসেম্বরে নরওয়ের রাজধানী অসলোয় অনুষ্ঠেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুজনেই উপস্থিত থাকবেন। এতে করে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হবে।
মালালা কি নিজের দেশে নারীশিক্ষার অধিকার বাস্তবায়নে প্রভাব ফেলতে পারবে? কারণ, নিরাপত্তার ঝুঁকির কারণে পাকিস্তানের মাটিতে পা রাখাটাই তো তার জন্য কঠিন। মালালা আসলে ‘পশ্চিমাদের হাতের পুতুল’, এমন সমালোচনাও করে থাকে অনেকে। মালালার নোবেলজয়ের খবরে ক্ষুব্ধ পাকিস্তানের তালেবানও।
নারীশিক্ষার পক্ষে আন্তর্জাতিক প্রচারাভিযান এবং একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে মালালা। বহুল বিক্রীত দুটি বইয়ের লেখক সে। তার কার্যক্রম জর্ডান থেকে কেনিয়া পর্যন্ত বিস্তৃত। সে শুধু তালেবানেরই সমালোচক নয়, বরং নারীর প্রতি বৈষম্যমূলক পাকিস্তানি সংস্কৃতিরও বিরোধী। উদারপন্থী মুসলিমদের প্রতিনিধি হিসেবে বিশ্বজুড়ে সে এখন এক পরিচিত মুখ।
তবে পশ্চিমা বিদ্যালয়ে পড়লেও নিজের পোশাকে স্বাতন্ত্র্য ও শালীনতা ধরে রেখেছে মালালা। ইউনিফর্মের সঙ্গে মিলিয়ে সে তুলনামূলক লম্বা স্কার্ট এবং মাথায় স্কার্ফ পরে। ওবামার সঙ্গে গত বছর দেখা করে মালালা তার স্বদেশ এলাকায় মার্কিন ড্রোন হামলার সমালোচনা করে বলেছিল, ‘সেনাদলের পরিবর্তে বই পাঠান। অস্ত্রের বদলে কলম দিন।’
এদিকে মালালার নোবেল পুরস্কার প্রাপ্তির খবর পাকিস্তানে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে উদ্যাপন করা হয়েছে। সোয়াত উপত্যকায় তার নিজ শহর মিঙ্গোরায় নেচে-গেয়ে এবং কেক বিতরণ করে উল্লাস করেছে লোকজন। মালালাকে পাকিস্তানের ‘গর্ব’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
সূত্র: এএফপি, বিবিসি ও নিউইয়র্ক টাইমস।