বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা পাকিস্তানের সাবেক এক রাজনৈতিক নেত্রী নাসিম আক্তার বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের হত্যা এবং তাদের ওপর নির্যাতন ও লুটপাট চালানোর জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত।
একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী যে বর্বর নিধনযজ্ঞ চালায়, ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম আক্তার ছিলেন তার প্রত্যক্ষদর্শী। মার্চের শেষ সপ্তাহে তিনি সহযোদ্ধাদের নিয়ে দাঁড়িয়ে যান লাহোরের মল রোডে। বাঙালির ওপর সংঘটিত গণহত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হন। বাঙালির স্বাধীনতা সংগ্রামের পক্ষে কথা বলায় তাঁর পরিবারকেও বিড়ম্বনা পোহাতে হয়। তাঁর সেই ভূমিকা স্মরণ করেই গত বছর তাঁকে দেওয়া হয় মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। তাঁকে ছাড়াও পাকিস্তানের আরও ১২ জনসহ ৬৮ ব্যক্তি ও একটি সংগঠনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেওয়া হয়।
২৫ মার্চের ভয়াবহ কালরাতের প্রত্যক্ষদর্শী নাসিম আক্তার বলেন, ‘আজ হোক কাল, পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। পাকিস্তানের প্রগতিশীল নেতারা ছাড়াও দেশটির সাধারণ মানুষ মনে করে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত।’
বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এক সাক্ষাৎকার দেন পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির (এনএপি) সাবেক এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, সত্যিকার মুসলমান নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। পাকিস্তান ক্ষমা চাইলে তাতে তার ছোট হওয়ার কিছু নেই।
নাসিম আক্তার তৎকালীন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রতিনিধিদলের সঙ্গে ১৯৭১ সালের ২২ মার্চ ঢাকায় এসেছিলেন। পরের দিন একটি র্যালিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ঢাকায় থাকার সময় তিনি পূর্ব পাকিস্তানের জনগণের দাবিগুলো অনুধাবন করতে পেরেছিলেন। ২৫ মার্চের স্মৃতিচারণা করতে গিয়ে চোখে জল এসে যায় নাসিমের। তিনি বলেন, ‘ওই রাতে কারফিউয়ের মধ্যে ট্রাকে করে বিমানবন্দরে যাওয়ার পথে আমি গণহত্যার যে বিভীষিকাময় চিত্র দেখেছিলাম, তা আজও আমাকে তাড়া করে। ১৯৭১ সালের নয় মাসের সেই স্মৃতি মনে করে আমি বার বার অঝোর ধারায় কেঁদেছি।’
নাসিম আক্তার বলেন, বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে গিয়ে তিনি নিজের দেশ পাকিস্তানে দমনপীড়নের শিকার হন। কিন্তু তার পরও তিনি তাঁর অবস্থান থেকে সরে যাননি। তিনি বলেন, যারা এই যুদ্ধ বা এই ধ্বংসযজ্ঞের পক্ষে, তাদের প্রতি সাধারণ জনগণের কোনো সমর্থন নেই। যদিও ভুট্টো সরকার সেই সময় জনগণকে বোঝাতে সমর্থ হয়েছিল, পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের দমনপীড়ন যুক্তিযুক্ত ছিল।
নাসিম বলেন, মুক্তিযুদ্ধের চার দশক পেরিয়ে গেছে। ১৯৭১ সালে বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানিদের যেই মনোভাব ছিল, তা এখন অনেকটাই বদলে গেছে। এখন পাকিস্তানি লোকজনও মনে করে, বাংলাদেশের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত।