বাংলাদেশের পাওনা না মিটিয়ে উল্টো পাওনা দাবি পাকিস্তানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের আগে বাংলাদেশের প্রাপ্য প্রায় ৩৩ হাজার ৭০০ কোটি টাকার (৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার) সম্পদ বণ্টনের সুরাহা না করে উল্টো বাংলাদেশের কাছে এখন প্রায় ৭০০ কোটি টাকা (৯ দশমিক ২১ বিলিয়ন পাকিস্তানি রুপি) পাওনা দাবি করতে যাচ্ছে পাকিস্তান।

দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তানকে (এসবিপি) উদ্ধৃত করে পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন গতকাল মঙ্গলবার এ খবর ছেপেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলারের সম্পদ বণ্টনের বিষয়টির এত দিনেও সুরাহা হয়নি। এ ছাড়া ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য সহায়তা হিসেবে বিভিন্ন দেশের পাঠানো ২০ কোটি ডলার পাকিস্তান নিয়ে গিয়েছিল। স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখায় জমা হওয়া ওই ত্রাণের টাকা মুক্তিযুদ্ধ চলার সময় ব্যাংকের লাহোর শাখায় নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ওই অর্থ চাইলেও তা ফেরত দিচ্ছে না পাকিস্তান।

এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, একাত্তরের আগে পূর্ব পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের যে অর্থ পাওনা ছিল, তা বর্তমানে ৭০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে প্রকৃত পাওনা নিরূপণ করা হয়েছে। অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে চলতি বাজারে সম্পদের মূল্যায়ন করা হয়ে থাকে।

পাকিস্তানের পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি অফিস, ঋণ, আগাম সুবিধাসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তনের কারণে পূর্ব পাকিস্তানের কাছে যে টাকা পাওনা ছিল, ২০১৬ সালের জুন নাগাদ ভ্যালুয়েশন করে তা ৯ দশমিক ২১ বিলিয়ন পাকিস্তানি রুপিতে (৬০০ কোটি ৯২ লাখ টাকা) দাঁড়িয়েছে। বাংলাদেশের কাছে এখন পাকিস্তান এই টাকা দাবি করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের পাশাপাশি ভারতের কাছেও পাওনা দাবি করতে যাচ্ছে পাকিস্তান। ১৯৪৭-এর দেশভাগের আগের অর্থনৈতিক সম্পর্ককে বিবেচনায় নিয়ে দিল্লির কাছেও ৬ বিলিয়ন রুপি পাওয়ার দাবি করেছে পাকিস্তান।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের কাছে থেকে পাওনা অর্থ আদায় করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তারা জানিয়েছে, এরই মধ্যে সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ ও ভারতের কাছে ঠিক কত টাকা পাওনা রয়েছে, নতুন করে তার বিস্তারিত তথ্য চেয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান। এ ছাড়া পাওনা ও বকেয়ার ক্ষেত্রে কোনো অর্থ মওকুফ করা হয়েছিল কি না, সেটিরও বিস্তারিত বিবরণ চেয়েছে ব্যাংকটি।

জানতে চাইলে ইতিহাসবিদ মুনতাসীর মামুন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধের আগের হিসাব অনুযায়ী পাকিস্তানের কাছে বাংলাদেশের প্রাপ্য দেশটি এখনো মিটিয়ে দেয়নি। দীর্ঘ ৪৫ বছর ধরে পাকিস্তান বিষয়টির সুরাহা করেনি। উল্টো এখন যে দাবি করছে সেটি কখনো শুনিনি। নতুন করে একটি ইস্যু তৈরির জন্য পাকিস্তান এটি করছে। কাজেই এতে কান দেওয়ার কোনো কারণ নেই।’