বাঘ কি আবার আসছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারবিরোধী বিক্ষোভ। ছবি: এএফপি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারবিরোধী বিক্ষোভ। ছবি: এএফপি

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি বেশ কিছুদিন ধরেই উত্তাল। ক্রিকেটার থেকে রাজনীতিকের ভূমিকায় অবতীর্ণ ইমরান খানের দল (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) গদিনশিন নওয়াজ শরিফকে হটাতে দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য কোনো নিয়মনীতির ধার ধারতে তিনি নারাজ। যদিও নিজেকে গণতান্ত্রিক দলের প্রধান হিসেবে পরিচয় দিয়েই আসছেন এতকাল। মাত্র হাজার পঞ্চাশেক লোক নিয়ে গোটা দেশের প্রায় ১৯ কোটি মানুষকে তিনি জিম্মি করে ফেলেছেন। আর সুযোগ বুঝেই ত্রাতার ভূমিকায় মঞ্চে হাজির হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী (বলা ভালো সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ)।
বিষয়টি আসলে কী? আন্তর্জাতিক জ্যাঠামশাইরা কীভাবে দেখছেন এ ঘটনাকে? সংবাদমাধ্যমই বা কী বলে? এসব ক্ষেত্রে ‘মি. গুগলই’ একমাত্র ভরসা। গুগলে অনুসন্ধান করতেই হঠাৎ একটা লাইনে চোখ আটকে গেল। লেখা আছে, ‘রাহিল শরিফ ইজ পাকিস্তানস মোস্ট রেসপেকটেড পলিটিশিয়ান।’ অর্থাৎ এই মুহূর্তে জেনারেল রাহিল শরিফই পাকিস্তানের সবচেয়ে শ্রদ্ধেয় রাজনীতিক। শিরোনাম দেখে ক্লিক করার লোভ আর সামলাতে পারিনি। হা হতোস্মি! ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে এল ৪০৪, মানে পাতাটি খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ আকর্ষণীয় শিরোনাম দিয়ে শেষ পর্যন্ত আর লেখাটি ধরে রাখতে পারেনি পাকিস্তানটুডে ডটকম ডট পিকে। বোঝাই গেল, জেনারেল রাহিল শরিফ শুধু ‘সবচেয়ে শ্রদ্ধেয় রাজনীতিক’ই নন, ক্ষমতাবানও বটে।
জেনারেল রাহিল শরিফকে সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ব্যক্তিগত জীবনে রাহিল বেশ লো-প্রোফাইল জেনারেল হিসেবে পরিচিত ছিলেন। তাঁকে পছন্দের এটা একটা বড় কারণ। কিন্তু ঘটনাক্রমে মনে হচ্ছে, ন্যাড়া নওয়াজ দ্বিতীয়বার বেলতলায় গেছেন। এর আগেরবার প্রধানমন্ত্রী থাকাকালে নওয়াজ শরিফ সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছিলেন ‘মোহাজির’ জেনারেল পারভেজ মোশাররফকে। পাকিস্তান সেনাবাহিনীর অতীব শক্তিশালী ‘পাঞ্জাবি’ সেনা কর্মকর্তাদের ক্ষমতার লালসার কথা মাথায় রেখে নওয়াজ ভেবেছিলেন, ‘মোহাজির’ মোশাররফের পেছনে আঞ্চলিক জাতি পরিচয়ের শক্ত কোনো ভিত্তি নেই; ফলে মসনদে বসে নিশ্চিন্তে দিনগুলো পার করতে পারবেন। কিন্তু তা আর হয়নি। প্রথমবার, মোশাররফ কারগিলে সেনা ঢুকিয়ে ভারতের সঙ্গে ফ্যাসাদ বাধান। তার ফলে দুই দেশ ছোটখাটো যুদ্ধে জড়িয়ে পড়ে। দ্বিতীয়বার, তাঁকে বহনকারী বিমান নামতে বাধা দেওয়ায় এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে নওয়াজকেই ক্ষমতাচ্যুত করে কারাগারে পাঠান মোশাররফ। শুধু তা–ই নয়, এ কারণে তাঁর শাসনামলে নওয়াজের মৃত্যুদণ্ড হয়। কিন্তু জুলফিকার আলি ভুট্টোর মতো দুর্ভাগা না হওয়ায় এবং সৌদি আরবের বদৌলতে সে যাত্রায় প্রাণে বেঁচে যান নওয়াজ শরিফ।

সেনাপ্রধান রাহিল শরিফ
সেনাপ্রধান রাহিল শরিফ

জেনারেল মোশাররফের উত্তরসূরি জেনারেল আশফাক পারভেজ কায়ানির ইতিহাস নিশ্চয় ভোলেননি নওয়াজ শরিফ। পূর্ববর্তী পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) জেনারেল কায়ানি যেভাবে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন, সেই একই অভিজ্ঞতা তাঁরও হোক এটা চাননি তিনি। সেটাই স্বাভাবিক। সব দিক বিচার করেই জেনারেল রাহিল শরিফের মতো একজন লো-প্রোফাইল জেনারেলকে বেছে নেওয়া। কিন্তু শেষ রক্ষা হবে কি না, এখনো বলা কঠিন।
পাকিস্তানের ৬৭ বছরের ইতিহাসে অধিকাংশ সময়ই সে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী এবং তা সরাসরি। দেশের ক্ষমতা দখল করতে তাদের কখনোই কোনো মুখোশের দরকার পড়েনি। পরিত্রাতা সেজে এসে দেশের মানুষের কাছে গলাধাক্কা খাওয়ার পর বিদায় হয়েছে। এবার পরিস্থিতি যেন কিছুটা ভিন্ন।
পাকিস্তানে ছয় বছর ধরে টানা গণতান্ত্রিক শাসন চলছে, যা সে দেশের ইতিহাসে রেকর্ড। ক্ষমতার পালাবদলও হয়েছে গণতান্ত্রিক পন্থায়। ১৫ মাস আগে নির্বাচনের মাধ্যমে জিতে ক্ষমতায় আসে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। এই নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। ভোট হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। নির্বাচন নিয়ে কারও তেমন অভিযোগ বা আপত্তির কথা শোনা যায়নি। হঠাৎই ১৫ মাস আগের নির্বাচনে কারচুপির বিষয়টি সামনে আনলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান এবং তাঁর সহযোদ্ধা পাকিস্তান আওয়ামী তেহরিকের নেতা তাহির-উল-কাদরি। ‘ইনসাফ’ চাইতেই একজন জননেতার ১৫ মাস লেগে যাওয়ায় সত্যিই সন্দেহ জাগে তাঁর উদ্দেশ্য নিয়ে। সরকারবিরোধী এই আন্দোলনে ইমরান পাকিস্তানের অন্যতম বড় দুটি দল পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ ই আজমের (পিএমএল-কিউ) সমর্থন তো পানইনি, বরং এই ইস্যুতে সরকারের পক্ষ নিয়েছে তারা। ফলে এ আন্দোলনকে নওয়াজবিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলন বলা কঠিন। বলা ভালো, বিরোধীদের একাংশের আন্দোলন। ইমরান আর তাহিরের সঙ্গে সর্বশেষ এ আন্দোলনে সমর্থন দিয়েছে ‘মোহাজির’দের রাজনৈতিক সংগঠন এমকিউএম বা মুত্তাহিদা কওমি মুভমেন্ট।
এরপর নওয়াজ-উৎখাতের আন্দোলন নিয়ে দলের মধ্যে বিভাজনকেও পাত্তা দেননি ইমরান। একের পর এক নেতাকে দল থেকে তাড়িয়েছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে ইমরানের খঁুটির জোর আসলে কোথায়? এর কিছুটা প্রমাণ মেলে তেহরিক-ই-ইনসাফের সদ্য বহিষ্কৃত প্রেসিডেন্ট জাভেদ হাশমির কথায়। হাশমি সাংবাদিকদের বলেছেন, ‘ইমরান খান বলেছিলেন, “আমরা সেনাবাহিনী ছাড়া এগোতে পারব না। সব বিষয় নির্ধারণ হয়ে আছে, সেপ্টেম্বরে নির্বাচন হবে।” যেন সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল।’ ইমরান খানকে উদ্ধৃত করে তিনি বলেন, সেনাবাহিনী চেয়েছিল ইমরানের দল যেন কাদরির সঙ্গে একত্রে আন্দোলন করে। চলমান সংকটের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও সেনাবাহিনীর নাম উঠে এসেছে হাশমির কথায়।
হাশমির কথার প্রমাণ মেলে সেনাবাহিনীর কার্যক্রমে। রাজধানীর সুরক্ষিত এলাকায় আন্দোলনকারীদের মোকাবিলায় সেনাবাহিনীকে ডাকেন নওয়াজ। তারা এসেছে, কিন্তু ব্যবস্থা নেয়নি। তাদের প্রহরাতেই নিরাপদে দিন গুজরান করছে আন্দোলনকারীরা। আবার আলোচনায় আন্দোলনকারীরা কাউকে না মানলেও সেনাপ্রধানের নাম উঠতেই সানন্দে গ্রহণ করে। জেনারেল রাহিল শরিফও আপত্তি করেননি। ভাবখানা এমন, তিনি যেন সরকার এবং এর বিরোধী পক্ষের একাংশের রাজনৈতিক দ্বন্দ্বযুদ্ধে রেফারি অর্থাৎ নিরপেক্ষ কেউ। অথচ নিয়মানুযায়ী সেনাপ্রধান নির্বাচিত সরকারের অনুগত একজন কর্মী মাত্র।
প্রশ্ন ওঠে, ছয় বছর পর কী এমন হলো যে নির্বাচিত সরকার সেনাবাহিনীর বিরাগভাজন হয়ে পড়ল? আপাতদৃষ্টিতে এর উত্তর মেলা কঠিন। কিন্তু একটু খতিয়ে দেখলে বোঝা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আসার সিদ্ধান্ত নিতে বেশ সময় ব্যয় করতে হয়েছিল নওয়াজ শরিফকে। কারণ, সেনাবাহিনী চায়নি নওয়াজ এই অনুষ্ঠানে যোগ দিন। এই আপত্তি উপেক্ষা করে নওয়াজ দিল্লি গিয়েছিলেন। শোনা যাচ্ছে, ভারতের সঙ্গে অনাক্রমণ চুক্তির ব্যাপারেও তলে তলে কথা হচ্ছিল। এ রকম একটা আওয়াজ উঠতে না উঠতে কাশ্মীর সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। গোলাগুলি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সেখানে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে অটল বিহারি বাজপেয়ি ও নওয়াজ শরিফ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাকে দুই দেশের স্থায়ী সীমান্ত হিসেবে মেনে নিয়ে চুক্তি স্বাক্ষরের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন বলে শোনা যায়। অবশ্যই এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ছিল। কিন্তু কারগিলের ঘটনা সবকিছু ভেস্তে দেয়।
আরেক প্রতিবেশী আফগানিস্তান থেকে শিগগির চলে যাবে মার্কিন সেনা। তখন সেখানে পাকিস্তানের ভূমিকা কী হবে, তা এখনই বুঝে নিতে চান জেনারেল রাহিলের সহযোগীরা। আবার আফগান সরকার কোনোভাবেই পাকিস্তানকে তাদের দেশে নাক গলাতে দিতে নারাজ। বরং ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতেই তাদের আগ্রহ বেশি। এ সুযোগ দিল্লি নিয়েছে, যা আদতে শিরঃপীড়ার কারণ হয়েছে পিণ্ডির।
কয়েক দিন আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল -এর প্রতিবেদনে বলা হয়, নওয়াজ সরকারকে সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, সংকট মোকাবিলায় বিরোধীদের (ইমরান ও তাহির) সঙ্গে তারা কথা বলবে। কিন্তু ভারত, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সেনাবাহিনীর হাতে থাকবে।
বর্তমান সংকট থেকে আরেকটি বিষয় উঠে এসেছে, তা হলো দেশটির সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের বিচার। যে কাজটি আসিফ আলি জারদারির সরকার করতে পারেনি, সেই কাজে হাত দিয়েছিলেন নওয়াজ শরিফ। কাঠগড়ায় উঠতে হয়েছে মোশাররফকে, গৃহবন্দী থাকতে হয়েছে। এমনকি রাষ্ট্রদ্রোহ মামলায় ভবিষ্যতে মোশাররফের সাজা হওয়াটা বিস্ময়ের কিছু নয়। কিন্তু গত ৬৭ বছরের অধিকাংশ সময় যাদের অঙ্গুলি হেলনে পাকিস্তান চলেছে, তাদের পক্ষে এ ধরনের বাস্তবতা বা ভবিষ্যৎ পরিণতি মেনে নেওয়া কঠিন। যার ফল হয়তো ভুগতে হচ্ছে নওয়াজ শরিফ বা পাকিস্তানের গণতন্ত্রকে।
রক্তের স্বাদ পাওয়া বাঘ কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার।