বাচা খান বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
জঙ্গি হামলার কারণে কয়েক দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টি খোলে। তবে এদিনই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র গতকাল বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার প্রভাবের কারণে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
নিরাপত্তার জন্য সরকারের কাছে অস্ত্র ও অস্ত্রের লাইসেন্স দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হামিদুল্লাহ খান বলেন, ‘আমরা সরকারের কাছে অস্ত্র চেয়েছি। সব শিক্ষক ও ব্যবস্থাপনা কর্মকর্তার জন্য অস্ত্রের লাইসেন্স চেয়েছি।’
নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের ভেতরে-বাইরে পুলিশের তল্লাশিকেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ারও দাবি করেছে কর্তৃপক্ষ।
গত ২০ জানুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ে সন্দেহভাজন চার তালেবান বন্দুকধারীর হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।