বাসে বিস্ফোরণের ঘটনায় সুর বদলাল পাকিস্তান
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, কোহিস্তানে বাসে বিস্ফোরণে ৯ চীনা প্রকৌশলীসহ ১৩ জনকে হত্যার পেছনে সন্ত্রাসবাদীদের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কেননা প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। ফাওয়াদ চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী (ইমরান খান) নিজে বিষয়টি তদারক করছেন। চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করা হচ্ছে। পাকিস্তান ও চীন দুই দেশ যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে।
এ ঘটনায় এক দিনের ব্যবধানে সুর বদলালেন পাকিস্তানের কর্তারা। আগের দিনই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় সন্ত্রাসবাদীদের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছিল।
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে চলছে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এ বৈঠকের ফাঁকে গতকাল বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন।
এ সময় কোরেশি বলেন, প্রাথমিক তদন্তে বাসে বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবাদের প্রমাণ মেলেনি। এটা নিছকই দুর্ঘটনা। পরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। বলা হয়, যদি এটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে, তাহলে অবিলম্বে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
এর আগে পাকিস্তানের পক্ষ থেকে এ ঘটনাকে ‘কারিগরি ত্রুটি থেকে বিস্ফোরণ’ বলে জানিয়েছিল। তবে চীন শুরু থেকে একে ‘পরিকল্পিত বোমা হামলা’ বলে আসছে। হামলার দিনই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত দ্রুত সম্ভব ঘটনার তদন্ত করে সত্য উদ্ঘাটন, দুর্বৃত্তদের ধরে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে গতকাল তিনি আরও বলেন, চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও পাকিস্তানে চলমান প্রকল্পগুলোর কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহিস্তান জেলায় একটি বাসে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ জন নিহত হন। তাঁদের মধ্যে ৯ জনই চীনের প্রকৌশলী, যাঁরা সেখানকার দাসু হাইড্রোপাওয়ার প্লান্টে কাজ করতেন। বাসটি কর্মীদের নিয়ে নিকটবর্তী প্লান্টে যাচ্ছিল। বিস্ফোরণে বাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে যায়।
দাসু হাইড্রোপাওয়ার প্লান্ট চায়না-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) একটি প্রকল্প। দুই দেশের মধ্যকার আন্তযোগাযোগ বাড়াতে সড়ক, রেলপথ ও পাইপলাইন বসানোর প্রকল্পে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বেশ কয়েক বছর ধরে চীনের অনেক প্রকৌশলী ও পাকিস্তানি শ্রমিকেরা কাজ করছেন।