বাসে বোমা বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কুরাম জেলায় বাসে বোমা বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার আফগানিস্তানের সীমান্তবর্তী কুরাম জেলার একটি সড়কে একটি বাসে দূরনিয়ন্ত্রিত (রিমোট কন্ট্রোল) বোমা হামলা চালানো হয়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। এখনো এই হামলার জন্য কোনো পক্ষ দায় স্বীকার করেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধার করে জেলার পারাচিনার হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরিত হওয়া মিনিবাসটি আদমশুমারির কর্মীদের যাতায়াতে ব্যবহৃত হতো। এর আগেও দেশটিতে আদমশুমারির কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল।

পারাচিনার মূলত শিয়া অধ্যুষিত এলাকা। এ ছাড়া উপদলীয় সহিংসতার কারণে কুরাম জেলা বেশ পরিচিত।

এই এলাকায় গত মার্চ মাসে গাড়ি বোমা বিস্ফোরণে ২৪ জন ও জানুয়ারিতে সবজির বাজারে হামলায় ২০ জন নিহত হয়। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান এই দুই হামলার দায় স্বীকার করে।