বিএসএফের গুলিতে দুজন নিহত হওয়ার দাবি পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে দুজন নাগরিককে ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। আজ শনিবার এ ঘটনা ঘটে।
পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, শিয়ালকোটের কাছে চাপরার ও হারপালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবার বিনা উসকানিতে গুলি ছুড়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নারী ও একজন বয়স্ক ব্যক্তি নিহত হন। জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সেখানে এখনো থেমে থেমে গুলি চলছে।
পাকিস্তান ও ভারত একে অন্যের বিরুদ্ধে বরাবরই ২০০৩ সালে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। এর মধ্যে দুটি যুদ্ধই ছিল বিভক্ত ও বিতর্কিত কাশ্মীর অঞ্চল নিয়ে।
পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেন, শিয়ালকোটে গত মাসে বিএসএফের গুলিতে একজন নিহত হন।