পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কনস্টিটিউশন অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ২৪ ঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামি তেহরিকের (পিএটি) নেতা-কর্মীরা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ওই অ্যাভিনিউয়ে অবস্থান করছেন।
এদিকে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) সাবেক অতিরিক্ত সচিব আফজাল খান অভিযোগ করেছেন, ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে জনগণের সমর্থন ‘চুরি’ করা হয়েছে। এই ‘চুরিতে’ সাবেক প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী, তাসাদ্দুক হুসাইন জিলানি, সাবেক বিচারপতি ও ইসিপির সদস্য রিয়াজ কায়ানি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফখরুদ্দিন জি ইব্রাহিম জড়িত। খবর ডন ও জিয়ো নিউজের।
পাকিস্তানের প্রধান বিচারপতি নাসিরুল মুলকের নেতৃত্বে পাঁচ বিচারপতিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ গতকাল সোমবার বলেন, মঙ্গলবারের (আজ) মধ্যে পিটিআই ও পিএটির নেতাদের কনস্টিটিউশন অ্যাভিনিউ থেকে সরে যেতে হবে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কামরান মুর্তাজার করা একটি আবেদনের শুনানির পর আদালত এই নির্দেশ দেন। প্রধান বিচারপতি বলেন, বিক্ষোভকারীদের অবস্থানের কারণে বিচারপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিকল্প পথে আদালতে আসতে হচ্ছে। আদালতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কমে গেছে। তাঁদের অনেকেই বিক্ষোভকারীদের হাতে নাজেহাল হওয়ার অভিযোগও করেছেন।
এ বিষয়ে পিটিআইর আইনি পরামর্শক হামিদ খান বলেন, তাঁদের নেতা-কর্মীদের প্যারেড গ্রাউন্ডে সরিয়ে নেওয়া হচ্ছে। আর পিএটির আইনি পরামর্শক আলি জাফর বলেন, তিনি বিষয়টি দলীয় প্রধানকে জানাবেন।
পিটিআই-প্রধান ইমরান খান ও পিএটি-প্রধান তাহির উল-কাদরি গত পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ তুলে নওয়াজের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।
পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে গত রোববার রাতে দেওয়া সাক্ষাৎকারে আফজাল খান অভিযোগ করেন, নওয়াজ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি। ভোট জালিয়াতি হয়েছে। তৎকালীণ সিইসি ফখরুদ্দিন তখন চোখ বন্ধ করে ছিলেন।
আফজাল খান ওই অভিযোগ তোলার পর ইমরান বলেছেন, যাঁরা ভোট জালিয়াতির তথ্য-প্রমাণ দিতে চান, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রধানমন্ত্রী নওয়াজকে অবশ্যই পদত্যাগ করতে হবে।