বিতর্কিত সামরিক আদালত পুনর্বহালের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিসহ সন্ত্রাসীদের বিচারে গোপন সামরিক আদালত পুনর্বহালের উদ্যোগ নিচ্ছে পাকিস্তান। মানবাধিকারকর্মীদের সমালোচনা উপেক্ষা করে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে এ-সংক্রান্ত বিলটি গত মঙ্গলবার পাস করেছে। গতকাল বুধবার তা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে উপস্থাপন করা হয়।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত স্কুলে জঙ্গি হামলায় ১৩৪ শিশু নিহত হওয়ার ঘটনার পরের বছর জঙ্গিদের বিচারে গোপন সামরিক আদালত প্রতিষ্ঠা করা হয়। এ ছাড়া মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার ওপর যে স্থগিতাবস্থা ছিল তা-ও সে বছর তুলে নেওয়া হয়। বেসামরিক অপরাধীদের বিচারে গঠিত প্রথম দফার সেই সামরিক আদালতের মেয়াদ ছিল দুই বছর। সে আদালতে ১৬০ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এরই মধ্যে ২০ জনের দণ্ড কার্যকর করা হয়েছে। গত ৭ জানুয়ারি এ আদালতের মেয়াদ শেষ হয়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার গত জানুয়ারিতেই বলেছিল, তারা এই বিশেষ সামরিক আদালত পুনর্বহাল করতে চায়। কিন্তু পার্লামেন্টে এ-সংক্রান্ত বিলে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন না পাওয়ায় তখন তা করা যায়নি। পরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সামরিক আদালত পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে যথেষ্ট সমর্থন অর্জন করতে সমর্থ হন নওয়াজ।
প্রথম দফার ওই সামরিক আদালতের প্রধান বিশেষত্ব ছিল, অভিযুক্ত ব্যক্তির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁর পক্ষে মামলা চালাতে আইনজীবী দেওয়া হতো। বিচার কার্যক্রমে সংবাদমাধ্যমকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করারও কোনো সুযোগ ছিল না।
তবে দ্বিতীয় দফার জন্য সামরিক আদালত পুনঃপ্রবর্তনের বিলটিতে কিছু সংশোধনী আনা হয়। এগুলোর অন্যতম হলো, অভিযুক্ত ব্যক্তি আইনজীবী নিয়োগ করতে পারবেন। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ লিখিতভাবে জানাতে হবে এবং গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সামরিক আদালতে হাজির করতে হবে।