বিবাহবার্ষিকীর উপহার চেয়ে মিলেছিল বিচ্ছেদ, বললেন রেহাম

বিবাহবার্ষিকীর উপহার চেয়ে এর বদলে তালাক পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম। পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেহাম এ মন্তব্য করেন। গত বছর এ দম্পতির বিচ্ছেদ হয়।
ওই সাক্ষাৎকারে পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খানের বেশ সমালোচনা করেন তাঁর সাবেক স্ত্রী।
কৌতুকের ছলে রেহাম বলেন, ‘বিবাহবার্ষিকীতে আমাকে কী উপহার দেবে ইমরান, সেটা জানতে চেয়েছিলাম। এর বদলে সে আমাকে তালাক দিয়ে দেয়।’ ইমরান খান প্রসঙ্গে রেহাম বলেন, প্রার্থনা করি, পাকিস্তানের সঙ্গে ইমরান এমন কিছু করবে না।
২০১৫ সালের জানুয়ারিতে টিভি সাংবাদিক রেহামের সঙ্গে বিয়ে হয় ইমরানের। বিয়ের ১০ মাসের মাথায় গত বছরের ৩০ অক্টোবর পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদ হয় এই দম্পতির। এটি ছিল ইমরান খানের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে নয় বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘটে ২০০৪ সালে। তখন শোনা গিয়েছিল, রাজনীতিতে জেমিমার অংশগ্রহণের বিরোধিতা করেছিলেন ইমরান।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ‘পানামা পেপারস’ কেলেঙ্কারির সূত্র ধরে ইমরান খান সম্প্রতি ঘোষণা দেন, সরকারবিরোধীরা ২ নভেম্বর (বুধবার) রাজধানী ইসলামাবাদ অচল করে দেবেন। এরপরই সরকার ইসলামাবাদে ইমরানের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গতকাল সোমবার উচ্চ আদালত বলেছেন, ইমরানের সমাবেশ করতে কোনো বাধা নেই।