বিরোধীদের সমর্থন পেলেন নওয়াজ
সরকারবিরোধী আন্দোলনে উত্তাল পাকিস্তানে গতকাল মঙ্গলবার পার্লামেন্টের যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। বিরোধীদের সমর্থনে বলিয়ান সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের সন্ত্রাসী ও দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে।
এদিকে সংকট সমাধানে গতকাল পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও পিএটিকে নোটিশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আর সরকারবিরোধী বিক্ষোভে অনড় ইমরান খানের পিটিআই ও তাহির-উল-কাদরির পিএটির নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে মামলা করেছে সরকারপক্ষ। বিরোধীদের পদত্যাগের দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
এর পরও আন্দোলনের মাঠ ছাড়ছেন না ইমরান-কাদরি। গতকালও তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ইমরান বলেছেন, ‘মনে রাখবেন, মুক্তির জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ঘরে বসে এটা পাওয়া যায় না।’ এএফপি, ডন ও জিয়ো নিউজের খবর।
ইমরান–কাদরির সঙ্গে আলোচনা: গত রাতে পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও পিএটি নেতা তাহির–উল–কাদরির সঙ্গে বৈঠক করেছে সরকার নিয়োজিত আলোচনা কমিটি। কমিটির নেতৃত্ব দিচ্ছেন জামায়াত–ই–ইসলামীর আমির সিরাজুল হক।
সমঝোতার জন্য আলোচনার সব ক্ষমতা এই কমিটিকে দিয়েছে সরকার। আলোচক দল প্রথমে বিক্ষোভস্থলে ইমরানের শিপিং কনটেইনারে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করে। সেই বৈঠক মাত্র ১০ মিনিট স্থায়ী হয়। পরে তারা যায় কাদরির সঙ্গে বৈঠক করতে। তবে বৈঠকে কী কথা হয়েছে, তা জানা যায়নি।
পার্লামেন্টের যৌথ অধিবেশন: ঘোরতর সংকটে ঘুরপাক খেতে থাকা নওয়াজ সরকারের পরিত্রাণের চেষ্টার অংশ হিসেবে গতকাল পাকিস্তানের পার্লামেন্টে যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
চলমান সংকট নিয়ে অধিবেশনে দেওয়া ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান বলেন, দেশ এখন খুবই কঠিন সময় পার করছে। তবে কয়েক হাজার মানুষের দেশদ্রোহ ও আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে দেশের ১৮ কোটি জনতার কণ্ঠস্বর এই পার্লামেন্ট। নির্বাচিত একজন নেতার নেতৃত্বেই এ দেশ পরিচালিত হচ্ছে—এতে কারও সন্দেহ থাকার কারণ নেই।
সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে হামলায় জড়িত ব্যক্তিদের বিপ্লবী নয়, বরং অনুপ্রবেশকারী ও সন্ত্রাসী বলে উল্লেখ করেন নিসার আলী। তিনি বলেন, বিক্ষোভকারীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশিক্ষণপ্রাপ্ত এবং অস্ত্রসজ্জিত।
অধিবেশনে পিপিপির প্রভাবশালী নেতা আইতজাজ আহসান বলেন, সংবিধান ও গণতন্ত্রের প্রতি বিরোধী দলের নিঃশর্ত সমর্থন রয়েছে। তবে সতর্ক করে তিনি বলেন, সরকার যদি এই সংকট উতরে ওঠে, তবে এর মন্ত্রীরা আরও উদ্ধত হয়ে উঠতে পারেন। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি পার্লামেন্ট সদস্যদের অকুণ্ঠ সমর্থন আছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল এই অধিবেশনে পিটিআইয়ের সাংসদেরা যোগ দেননি। তবে এদিন আরও পরের দিকে ইমরান খান ঘোষণা করেন, আজ বুধবার তাঁর দলের সাংসদেরা এ অধিবেশনে যোগ দেবেন। দেশবাসীর উদ্দেশে গতকাল রাতে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলেও এ সময় জানান তিনি।
সুপ্রিম কোর্টের নোটিশ: প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরকারের পতনের লক্ষ্যে ইসলামাবাদের ‘রেড জোনে’ পিটিআইয়ের নেতা ইমরান খান ও পিএটির নেতা তাহির-উল-কাদরির কর্মী-সমর্থকদের লাগাতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির বিরুদ্ধে দাখিল করা কয়েকটি আবেদনের (পিটিশন) শুনানি গতকাল সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। শুনানিকালে চলমান সংকটের সমাধানে পার্লামেন্টে প্রতিনিধিত্বশীল সব দলের প্রতি নোটিশ জারি করেন আদালত।
শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি নাসিরুল মুলকও। এ সময় নাসিরুল মুলক পিটিআইয়ের সদ্য বহিষ্কৃত প্রেসিডেন্ট জাভেদ হাশমির এক দাবির পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি তাঁর জন্য পক্ষপাত-সংক্রান্ত কোনো অভিযোগ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জায়গা নয়। এর পরও তিনি জানান, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে তাঁর সঙ্গে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের একবারই সাক্ষাৎ হয় এবং সে সময় দলটির বর্তমান উপদেষ্টা হামিদ খানও ছিলেন। তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়ায় ভোটের বায়োমেট্রিক সিস্টেম চালুর ধারণা নিয়ে আলোচনা করতে ইমরান ও হামিদ তাঁর দপ্তরে গিয়েছিলেন।
জাভেদ হাশমি এক দিন আগে দাবি করেছিলেন, ইমরান খান তাঁকে বলেছিলেন যে বর্তমান প্রধান বিচারপতি পিটিআইয়ের প্রতি সহানুভূতিশীল এবং নওয়াজকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে রাজি হয়েছেন।
বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা: সরকারবিরোধী বিক্ষোভে অনড় অবস্থানে থাকা ইমরান খানের পিটিআই ও তাহির-উল-কাদরির পিএটির নেতা-কর্মীদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। সরকারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এসব মামলা। মামলায় ইমরান ও কাদরিকেও আসামি করা হয়েছে।
নওয়াজকে অযোগ্য ঘোষণার দাবিতে পিটিশন: প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে সোমবার নতুন করে আইনি লড়াইয়ে নেমেছে পিটিআই। নওয়াজকে অযোগ্য ঘোষণার দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছেন পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির নেতা ইসহাক খান খাকওয়ানি।
জাভেদ হাশমির পদত্যাগ: পাকিস্তানের পার্লামেন্ট ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র সদস্যপদ থেকে গতকাল পদত্যাগ করেছেন পিটিআইয়ের বহিষ্কৃত সভাপতি মাখদুম জাভেদ হাশমি।
গতকাল অনুষ্ঠিত পার্লামেন্ট অধিবেশনে হাশমি বলেন, পার্লামেন্টের অধিবেশনে পুনরায় যোগ দিতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি। এ সময় নিজ পদত্যাগের কথা ঘোষণা করে তিনি আরও বলেন, পিটিআইয়ের কোনো সাংসদ স্বেচ্ছায় পদত্যাগ করেননি।