বিলাওয়ালকে টমেটো-ডিম নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে লক্ষ্য করে ডিম, টমেটো আর বোতল ছুড়েছে একদল বিক্ষুব্ধ জনতা।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার লন্ডনে এক বিক্ষোভ অভিযাত্রায় বক্তৃতা দেওয়ার সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, কাশ্মীর বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক পাকিস্তানপন্থী একটি গোষ্ঠী ট্রাফালগার স্কয়ার থেকে ডাউনিং স্ট্রিট অভিমুখে ‘মিলিয়ন মার্চ’ শিরোনামের ওই বিক্ষোভ অভিযাত্রার আয়োজন করে।
আয়োজকদের দাবি, কাশ্মীরে ভারতীয় সেনাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাঁরা ওই বিক্ষোভ অভিযাত্রার আয়োজন করেছেন। কাশ্মীর সমস্যার সমাধানে ভারতকে চাপ দিতে যুক্তরাজ্যের সরকারের কাছে একটি আবেদন জমা দেওয়ার পরিকল্পনা করছিলেন তাঁরা।
এ আয়োজনে হাজারো মানুষ অংশ নেন। বিলাওয়াল মঞ্চে উঠে বক্তৃতা দিতে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটে। একদল বিক্ষুব্ধ জনতা দুয়োধ্বনি দিতে শুরু করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে ডিম, টমেটো ও বোতল ছোড়া হয়। এতে বক্তৃতা সংক্ষিপ্ত করতে বাধ্য হন পিপিপির চেয়ারম্যান।
ঘটনার জন্য বিলাওয়ালের বোন আসিফা ভুট্টো ‘ভারতীয় চরদের’ দায়ী করেছেন।