বিলাওয়াল ভুট্টোর বিয়ে কি এ বছরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলাওয়াল ভুট্টো
ছবি: এএফপি ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো। বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বে এ তরুণ নেতা। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিলাওয়ালের ব্যক্তিগত জীবন নিয়ে জানার ব্যাপারেও পাকিস্তানে অনেকের মধ্যে আগ্রহ রয়েছে। বিশেষ করে তিনি কবে বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন, তা জানার অপেক্ষায় আছেন তাঁরা। এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের কৃষিবিষয়ক প্রাদেশিক মন্ত্রী মানজুর ওয়াসান বিলাওয়ালের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে কথা বলেছেন। জিওনিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বুধবার করাচিতে সংবাদ সম্মেলনে ওয়াসান আভাস দিয়েছেন, ২০২২ বা ২০২৩ সালে বিলাওয়াল গাঁটছড়া বাঁধবেন। তিনি বলেন, বিলাওয়াল ২০২২ সালে বিয়ে করতে পারেন অথবা পাকিস্তানের প্রধানমন্ত্রী (যদি নির্বাচনে জয়ী হন) হওয়ার পর ২০২৩ সালেও বিয়ে করতে পারেন।

২০২৩ সালে পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার বিলাওয়াল ভুট্টোর বিয়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন ওয়াসান। তিনি মনে করেন, বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান সরকার গঠন করতে পারবেন না। তিনি হবেন পাকিস্তানের গর্বাচভ (সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ।

ওয়াসানের দাবি, প্রধানমন্ত্রী ইমরান খান যেভাবে দেশ পরিচালনা করছেন, সেভাবেই সিন্ধু প্রদেশকে চালাতে চাইছেন। পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের পাকিস্তানে ফেরার সম্ভাবনা নিয়ে ওয়াসান বলেন, ২০২২ সালের মার্চের আগে তিনি ফিরবেন বলে মনে হয় না।

দেশের অভ্যন্তরে সারসংকট নিয়েও কথা বলেন ওয়াসান। তিনি বলেন, সার উৎপাদনকারী কোম্পানিগুলো কেন্দ্রীয় সরকারের অধীন কাজ করে। তারাই নিজেদের পছন্দমতো প্রদেশগুলোতে বরাদ্দ বাড়িয়ে সার বিতরণের জন্য কোম্পানিগুলোকে চাপ দিয়ে থাকে। সিন্ধু প্রদেশের সারের বরাদ্দ যেন সীমা ছাড়িয়ে না যায়, তা নিশ্চিত করতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

ওয়াসান আরও বলেন, জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার পাঞ্জাবের জন্য সিংহভাগ সারের বরাদ্দ রেখে কম অংশটুকু সিন্ধুর জন্য অনুমোদন করেন। তাঁর অভিযোগ, সিন্ধু প্রদেশে সংকট তৈরি করে কেন্দ্রীয় সরকার অন্যায্য আচরণ করছে। তিনি বলেন, ‘জানি না, সিন্ধু প্রদেশের সঙ্গে ইমরান খানের কী শত্রুতা রয়েছে। গম ও চিনির ঘাটতিতে থাকা সিন্ধুকে সারের যথাযথ ভাগ দেওয়া হচ্ছে না। সিন্ধুর ক্ষতি করা মানে কৃষকদেরই ক্ষতি করা।’