বিশ্বব্যাংককে 'প্রতিশ্রুতি' রক্ষা করতে অনুরোধ পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার গত শনিবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদন করেছে রেডিও পাকিস্তান।
বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতের মধ্যে সিন্ধু চুক্তির মধ্যস্থতাকারী। সিন্ধু অববাহিকার একাধিক নদী থেকে ভারতের পানি সরানোর পরিকল্পনার খবরের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার বিশ্বব্যাংককে এই চিঠি দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, কাশ্মীর নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে এ ইস্যুতে পাকিস্তানকে চাপে রাখতেই ভারত পানি সরানোর এই উদ্যোগ নিচ্ছে।
ভারত কিষানগঙ্গা ও চেনাব নদের ওপর যথাক্রমে ৩৩০ ও ৮৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ প্রকল্প করছে। ইসলামাবাদের দাবি, এই উদ্যোগ পানিচুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে পাকিস্তান অভিযোগ করেছিল, সময়ক্ষেপণের মাধ্যমে ভারত সিন্ধু নদের বিতর্কিত দুটি প্রকল্প সমাপ্ত করতে চাইছে। পাকিস্তান অতিসম্প্রতি বলেছে, চুক্তির কোনো ব্যত্যয় তারা বরদাশত করবে না।
পাকিস্তানের দাবি, যেহেতু বিশ্বব্যাংক ১৯৬০ সালের ওই চুক্তির মধ্যস্থতাকারী, সুতরাং সংস্থাটির ‘সালিশি আদালতের’ মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হতে হবে। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের কাছে আবেদনও করেছিল পাকিস্তান। কিন্তু বিশ্বব্যাংক গত সোমবার বলেছে, তারা মীমাংসার উদ্যোগ নেবে না। সংস্থাটির বক্তব্য, সিন্ধু নদে বিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণ নিয়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মতানৈক্য অন্য কোনো উপায়ে নিষ্পত্তি করা উচিত।
পাকিস্তান বিশ্বব্যাংককে ‘সালিশি আদালতের চেয়ারম্যান’ নিযুক্ত করে এর মাধ্যমে সমাধানের উদ্যোগ চাইলেও ভারত চাইছে ‘নিরপেক্ষ বিশেষজ্ঞ’ নিয়োগ করতে। দুই দেশই চিঠি দিয়ে তাদের দাবি সংস্থাটিকে জানিয়েছে।
বিশ্বব্যাংক বলছে, দুই দেশের দাবি ভিন্ন ধরনের এবং প্রায় একই সময় এসেছে। এখন তাদের দাবি অনুযায়ী উদ্যোগ নেওয়া হলে সাংঘর্ষিক ফলাফল আসতে পারে, যা চুক্তিকে হুমকির মুখে ফেলবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, ভারত ও পাকিস্তানের পারস্পরিক আলোচনার মাধ্যমে ও চুক্তির মধ্যে থেকেই সমস্যার সমাধান করা উচিত।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তখন বলেন, রক্ত ও পানি একই সঙ্গে বইতে পারে না।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি সম্পাদিত হয়েছিল। চুক্তি অনুযায়ী কাশ্মীরের মোট ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়। ঠিক হয়, পশ্চিম দিকের তিন নদী—সিন্ধু, চন্দ্রভাগা ও ঝিলমের পানি পাকিস্তানে যাবে। পূর্ব প্রান্তের তিন নদী—বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানি পাবে ভারত। তা ছাড়া চুক্তি অনুযায়ী পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের ২০ শতাংশ পানি ভারত চাষ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে।