বিড়ালের মৃত্যুতে আড়াই কোটির রুপির মামলা!
হাসপাতালে চিকিৎসার পর ২ মাসের বিড়াল ছানা মারা যায়। পোষা ওই বিড়াল ছানার এ মৃত্যু মেনে নিতে পারেননি মালিক। তাই আড়াই কোটির রুপি ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন ওই চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি পাকিস্তানের ইসলামাবাদের।
পিটিআইয়ের খবরে বলা হয়, ওই বিড়াল ছানার মালিকের নাম সুন্দাস হুরাইন। সম্প্রতি দুই মাস বয়সী বিড়াল ছানার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রাণী চিকিৎসার হাসপাতাল ফয়সাল খান ক্লিনিকে যান আইনজীবী হুরাইন। চিকিৎসার জন্য ভর্তি করা হয় বিড়ালটিকে। চিকিৎসা শেষে বাড়িতে আনার পর বিড়ালটি আবার অসুস্থ হলে অন্য এক চিকিৎসকের কাছে যান হুরাইন। সেখানেই মারা যায় বিড়ালটি।
ডন অনলাইনকে আইনজীবী হুরাইন বলেন, ‘পোষা বিড়াল অসুস্থ হয়ে পড়লে ফয়সাল খান ক্লিনিকে ভর্তি করি। চিকিৎসা শেষে আমি বিড়ালটিকে নিয়ে সন্ধ্যায় ক্লিনিক থেকে বাড়ি ফিরি। বাড়িতে আসার পরই আবার অসুস্থ হয়ে পড়লে অন্য এক চিকিৎসকের কাছে যাই। সেখানেই বিড়ালটির মৃত্যু হয়।’
সুন্দাস হুরাইন বলেন, ‘চিকিৎসক রানা (দ্বিতীয় চিকিৎসক) আমাকে বলেছেন, আমার বিড়ালটিকে কম তাপমাত্রায় রাখা হয়। এই তাপমাত্রা স্তন্যপায়ী প্রাণীর জন্য উপযোগী নয়। এ জন্য আমার বিড়ালটি মারা গেছে।’ এরপরই আইনজীবী হুরাইন ইসলামাবাদের ওই হাসপাতালের বিরুদ্ধে আদালতে আড়াই কোটির রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন।
স্থানীয় আদালতে পেশ করা ময়নাতদন্ত প্রতিবেদনে বিড়ালটির মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, অনাহার, অতিরিক্ত ঠান্ডা ও পানি শূন্যতা।
অভিযোগকারী এ জন্য ফয়সাল খান ক্লিনিকের চিকিৎসক খান এবং তার কর্মীদের অভিযুক্ত করেছেন। সব অভিযুক্ত ব্যক্তিদের সাজা হিসাবে জেল চেয়েছেন তিনি। প্রাণী চিকিৎসার হাসপাতালগুলোতে তিনি সিসি ক্যামেরা বসানোর জন্য আদালতে আবেদন করেছেন।
আদালতের পক্ষ থেকে চিকিৎসকের জবাব তলব করা হয়েছে।